নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠা চট্টগ্রামের সিভিল সার্জনকে বদলি
· Prothom Alo

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি।
Visit truewildgame.online for more information.
স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা যুগ্ম সচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে। একই আদেশে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তাঁরা।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সে বছর সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। তার দায়িত্ব পালনকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীন স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে সে সময় এসব অভিযোগ অস্বীকার করেছিলেন জাহাঙ্গীর আলম।
চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিতে বদলি একটি চলমান প্রক্রিয়া। শুধু চট্টগ্রাম নয়, বিভাগে কুমিল্লাতেও সিভিল সার্জনের ওএসডির আদেশ হয়েছে। পাশাপাশি ঢাকা ও ময়মনসিংহতেও আদেশ হয়েছে বলে খবর পেয়েছি।