বিকাশে ক্যাশ আউট খরচ কমল, ‘প্রিয় এজেন্টে’ হাজারে খরচ ১৩ টাকা ৯৫ পয়সা
· Prothom Alo

গ্রাহকদের জন্য ক্যাশ আউট চার্জ আরও সাশ্রয়ী করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দুটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহকেরা।
Visit zeppelin.cool for more information.
এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহককে বাড়তি কোনো টাকা গুনতে হবে না। এত দিন প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট চার্জ ছিল ১৪ টাকা ৯০ পয়সা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।
বিকাশ জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের ৮ কোটি ৪০ লাখ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে বিকাশের ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট রয়েছে। গ্রাহকেরা প্রতি ক্যালেন্ডার মাসে নিজেদের সুবিধামতো যেকোনো দুটি এজেন্ট নম্বরকে প্রিয় এজেন্ট হিসেবে যুক্ত করে নিতে পারবেন। মাস শেষ হলে প্রয়োজন অনুযায়ী এই নম্বর পরিবর্তন করার সুযোগও থাকছে।
যেভাবে ‘প্রিয় এজেন্ট’ যুক্ত করবেন
‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে প্রিয় এজেন্ট মেনু থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অ্যাপ ছাড়া সরাসরি *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ অপশনে গিয়ে এজেন্ট নম্বর যুক্ত করা যাবে। কম খরচে ক্যাশ আউট করার মাসিক লিমিট বা হিসাব গ্রাহকেরা যেকোনো সময় বিকাশ অ্যাপের ‘লিমিট’ অপশন থেকে জেনে নিতে পারবেন।
তবে প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি ক্যাশ আউট করলে অথবা প্রিয় এজেন্ট তালিকাভুক্ত নম্বর ছাড়া অন্য যেকোনো এজেন্ট থেকে টাকা তুললে আগের মতোই হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।