পুলিশকে উপহাস করে ‘সন্ত্রাসীর’ ফেসবুক পোস্ট, বললেন দেশি অস্ত্র ব্যবহার করেন না

· Prothom Alo

চট্টগ্রামের ফটিকছড়িতে তাঁর গোপন আস্তানায় অভিযান এবং অস্ত্র উদ্ধারের খবরের পরিপ্রেক্ষিতে পুলিশকে নিয়ে উপহাস করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জন ‘প্রতিহিংসার শিকার’ বলে উল্লেখ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে এই পোস্ট দেন রায়হান। ওই পোস্টে দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়াকে ইঙ্গিত করে রায়হান লেখেন, ‘বাংলা’ অস্ত্র তিনি ব্যবহার করেন না। এসব অস্ত্র ব্যবহারে হাত ছিঁড়ে যায়।

Visit afsport.lat for more information.

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ে অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গত বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল এবং একটি একনলা বন্দুক ও ৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে রায়হানের ছয় সহযোগীকে। তবে রায়হানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর থেকে রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর ফটিকছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে ছিল অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রায়হান ও তাঁর সহযোগীরা।

পুলিশের এসব অভিযানের বিষয়ে সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে রায়হান ফেসবুক পোস্টটি করেন। গ্রেপ্তার ব্যক্তিদের চেনেন না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর থেকে রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর ফটিকছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে ছিল অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রায়হান ও তাঁর সহযোগীরা।

একই দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাঁদের গতিরোধের চেষ্টা করেন। এ সময় রায়হান ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। শটগানের গুলিতে আহত হন ছয়জন। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশার চালক জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় লোকজন। তিনি রায়হানের সহযোগী বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, গত বুধবার পরিচালিত পুলিশের অভিযানে প্রথমে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন ও সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ইকতিয়ার ফরহাদ নামের আরেকজনকে। তাঁর বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চারটি গুলি উদ্ধার হয়েছে।

পরে মহররম আলী নামের আরেকজনের বাড়িতে অভিযান চালিয়ে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও বেশ কিছু গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় মহররম আলীকে। একই অভিযানের ধারাবাহিকতায় গ্রেপ্তার হন জনার্দন দে নামের আরও একজন।

মো. রায়হান

গতকাল দেওয়া ফেসবুক পোস্টটির আগে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া একটি কথোপকথনের রেকর্ডও পোস্ট করেছিলেন সন্ত্রাসী রায়হান। কথোপকথনের সময় ওই পুলিশ কর্মকর্তাকে রায়হান বলেন, অভিযানের সময় পুলিশের সামনে দিয়ে সাইকেল চালিয়ে তিনি বের হয়ে গেছেন।

ওই কথোপকথনে বারবার রায়হানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানান পুলিশ কর্মকর্তা তারেক আজিজ। উত্তরে রায়হান বলেন, আত্মসমর্পণ করলে তিনি আরও সমস্যায় পড়বেন। জবাবে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ রায়হানকে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘আমি ১০০ পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’

শেষ পর্যন্ত রায়হান আত্মসমর্পণে রাজি হননি; বরং আগেরবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে সমস্যায় পড়ার কথা বলেন। তাঁর দাবি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে আগে কথোপকথন হয়েছে তাঁর। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন তিনি।

কথোপকথনে রায়হান দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে জানেন। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে সন্ত্রাসী রায়হানের কথোপকথনটি হয়েছে ২৪ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটের দিকে। পরদিন ২৫ নভেম্বর সেই কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান।

পুলিশের অস্ত্র উদ্ধার নিয়ে সন্ত্রাসী রায়হানের ফেসবুকে পোস্ট সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা কাজী তারেক আজিজ প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী রায়হানের সহযোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পেয়েছে। ধারাবাহিক অভিযানে অস্ত্রসহ রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারাই বলেছে উদ্ধার করা অস্ত্রের মধ্যে পিস্তলটি রায়হান ব্যবহার করতেন। পুলিশের অভিযানে রায়হান অস্ত্রটি ফেলে পালিয়ে যান।’

অভিযানের সময় রায়হানের সাইকেল চালিয়ে চলে যাওয়ার বিষয়টি ‘ভুয়া’ বলে দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, ‘রায়হানকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তবে তিনি আত্মসমর্পণ না করলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী তিনি। অস্ত্র নিয়ে হুমকি ও চাঁদাবাজির পাশাপাশি অস্ত্র তৈরি ও ব্যবসায়ও জড়িত থাকার অভিযোগ রয়েছে রায়হানের বিরুদ্ধে।

Read full story at source