রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক

· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফরে থাকা ব্যক্তিরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এমন ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর করছেন, যাঁরা রাষ্ট্রীয় কোনো প্রটোকলেও পড়েন না।

গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করার মতো আয়োজন দেখা যাচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী কাদের নিয়ে দেশ চালাচ্ছেন, দেশ কোন দিকে অগ্রসর হচ্ছে, এসব বিষয় জনগণের মনে সংশয় সৃষ্টি করছে।

Visit zeppelin.cool for more information.

আজ মঙ্গলবার দুপুরে ১১–দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মামুনুল হক এ কথা বলেন।

১১ দলের ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র মেরামতের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন, কোনো তামাশা করতে নামেননি। এ জন্য তাঁরা কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না।

মামুনল হক বলেন, ১১–দলীয় ঐক্য কেবল বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ এবং দেশের গতিপথ ঠিক করার বৃহত্তর লড়াইয়ের অংশ। এই লক্ষ্য সামনে রেখেই তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন।

বিরোধী দলের খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মামুনুল হক। তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে বাধা সৃষ্টি বা দুরভিসন্ধিমূলক তৎপরতা চালালে তা প্রতিহত করেই কর্মসূচি সফল করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে তাঁরা আস্থা রাখতে পারছেন না। নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে সরকার নিরপেক্ষতার প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাঁরা চুপ করে বসে থাকবেন না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন মামুনুল হক। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে বিচারবহির্ভূত ক্রসফায়ারের মতো বিষয়ে বক্তব্য আসা অত্যন্ত আতঙ্কজনক।

সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে বিরোধী দলের উদ্বেগের কথাও তুলে ধরেন মামুনুল হক। তিনি বলেন, আসন্ন অধিবেশনে সরকারের এজেন্ডাগুলো কতটা জনবান্ধব হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সমাধানের উদ্যোগে সরকারের আন্তরিকতা নিয়ে তাঁরা সন্দিহান।

ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে গোপালগঞ্জ থাকায় সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে এ ধরনের আশঙ্কা নেই বলে তাঁরা মনে করেন। কোনো ধরনের দুরভিসন্ধিমূলক অপতৎপরতা বা সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা হলে তা রাজপথেই মোকাবিলা করা হবে।

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এ সময় ভারতের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, যাঁরা এ বিষয়ে বৈঠক করেছেন, তাঁরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।

এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

Read full story at source