হাতে–কলমে মহাকাশবিজ্ঞান ও স্পেস রোবোটিকস সম্পর্কে জানল শিশুরা
· Prothom Alo

শিশু–কিশোরদের মহাকাশবিজ্ঞান, সৃজনশীলতা ও ভবিষ্যতের মহাকাশ অভিযাত্রার প্রতি আগ্রহী করে তুলতে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট–আপ ২০২৬’। স্পেস ইনোভেশন ক্যাম্প ও বিইউবিটি আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন স্কুলের ৪ থেকে ১৪ বছর বয়সী ৫০ শিশু–কিশোর অংশ নেয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্পেস ইনোভেশন ক্যাম্প।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিশুদের স্পেস স্টোরিটেলিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম ধাপে অংশগ্রহণকারী শিশুরা মহাকাশ নিয়ে নিজেদের স্বপ্ন, চিন্তা, কল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। প্রথম ধাপ থেকে নির্বাচিত প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে পাঁচ মিনিটের চূড়ান্ত স্টোরিটেলিংয়ে অংশ নেয়। শুধু প্রতিযোগিতাই নয়, দিনজুড়ে শিশুদের জন্য ছিল মহাকাশবিজ্ঞান, স্পেস রোবোটিকস, রোবট ও রকেটবিষয়ক কর্মশালা, স্পেস আর্টসহ প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রম।
Visit biznow.biz for more information.
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবক ও মহাকাশ গবেষক। নতুন প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়; বরং নতুন প্রযুক্তি ও জ্ঞানের উদ্ভাবক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। জ্ঞান অর্জন, পরিশ্রম, অধ্যবসায় ও নতুন কিছু জানার আগ্রহ তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।
সমাপনী অনুষ্ঠানে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান বলেন, ‘আমরা চাই, শিশুদের কাছে মহাকাশ শুধু বইয়ের একটি অধ্যায় হয়ে না থাকুক। তারা মহাকাশ নিয়ে প্রশ্ন করুক, নিজের মতো করে ভাবুক, গল্প বলুক, রোবট তৈরি করুক, রকেট নিয়ে জানুক এবং ভবিষ্যতের পৃথিবী ও মহাকাশকে কল্পনা করুক। আজকের এই শিশুদের মধ্য থেকেই হয়তো একদিন বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক কিংবা মহাকাশচারী তৈরি হবে।’