শিখেছি অনেক কিছু

· Prothom Alo

তোমার সঙ্গে আমার পথচলার শুরু ২০১৯ সালে। আজ ২০২৬। এই দীর্ঘ সময়ে কত কিছুই না বদলে গেছে! এসেছে অসংখ্য নতুন অভিজ্ঞতা, স্কুল পেরিয়ে কলেজজীবনের শুরু, ছোট ছোট বিজয়। আবার সেই বিজয়ের আড়ালে নীরবে জমেছে কিছু না পাওয়ার গল্প, কিছু হৃদয়ভাঙার স্মৃতিও। জীবনের এত সব পরিবর্তনের মধ্যেও তোমাকে আমি কখনো ভুলিনি।

Visit truewildgame.online for more information.

প্রতি মাসের শুরুতে আমার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তোমাকে সংগ্রহ করা। হয়তো এখনকার ব্যস্ত জীবনে আগের মতো অবসর নেই। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা। সারা দিন নানা কাজের ভিড়। তবু দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে তোমার সঙ্গে কিছুটা সময় কাটানো আমার অভ্যাস হয়ে গেছে। সারা দিনের ক্লান্তির পর তোমার পাতাগুলো ওলটাতে ওলটাতে কখন যে মনটা হালকা হয়ে যায়, তা নিজেও টের পাই না।

তোমার কাছ থেকে আমি শুধু গল্প পড়িনি, শিখেছিও অনেক কিছু। জেনেছি নতুন নতুন বিষয়, আবিষ্কার করেছি অজানা সব তথ্য আর কখনো কখনো এমন কিছু ভেবেছি, যা হয়তো তোমার সঙ্গে দেখা না হলে ভাবাই হতো না।

জানি না ভবিষ্যতে জীবন আমাকে কোথায় নিয়ে যাবে। হয়তো আরও ব্যস্ত হব, আরও বড় হব, জীবনে আরও অনেক মানুষ, অনেক গল্প আর অনেক দায়িত্ব যোগ হবে। তবু আমার খুব ইচ্ছা, আমাদের এই পথচলা যেন বহুদূর বিস্তৃত হয়।

আর আমি যতই বড় হই না কেন, আমার ভেতরে বাস করা সেই ছোট্ট শিশুটিকে যেন কখনো হারিয়ে না ফেলি—যে আজও নতুন একটা কিআ হাতে পেলে আনন্দ পায়, নতুন গল্প পড়তে চায়, আর তোমার পাতার ভাঁজে লুকিয়ে থাকা ছোট ছোট বিস্ময় খুঁজে বেড়ায়। সেই ছোট্ট শিশুটি সব সময়ই তোমার সঙ্গে থাকবে।

জারিফ রহমান,

এসএসসি ২০২৬, ময়মনসিংহ

গল্পের তিন বছর!

Read full story at source