ডেঙ্গুতে রেকর্ড সংক্রমণ, মৃত্যু ৬ জনের

· Prothom Alo

দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগীর সংখ্যা। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের আজ রোববারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। এ সময়ে মারা গেছেন ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮ হাজার ৬ জন।

Visit somethingsdifferent.biz for more information.

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৬০ শতাংশ এবং নারী ৪০ শতাংশ। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬ শতাংশ।

চলতি বছরের মে মাস থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে। এরপর প্রতি মাসে রোগী বাড়তে থাকে প্রায় দ্বিগুণ হারে। সর্বশেষ গত আগস্ট মাসে ২০ হাজার ৫৩৬ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। আর ওই মাসে মারা যান ৪৩ জন। আর চলতি মাসে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৮ জন।

Read full story at source