বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার

· Prothom Alo

বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে ঢাকায় নিযুক্ত দেশটির উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে জানিয়েছেন। ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপহাইকমিশনার এসব তথ্য জানান। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit truewildgame.online for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান ভারতের উপহাইকমিশনার।

এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ জোর দেন পবনকুমার বাধে। তিনি জানান, এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তাঁর দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে। এ বিষয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতাও চান তিনি।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি উদীয়মান এবং সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

Read full story at source