মাদক সেবনের টাকা নিয়ে ঝগড়া, মাকে গলা কেটে হত্যার অভিযোগে যুবক আটক
· Prothom Alo

ঝিনাইদহের মহেশপুরে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ইখলাসুর রহমানের (৩৮) বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
নিহত শখের বানু (৫৭) শ্যামকুড় গ্রামের মৃত জিকু হোসেনের স্ত্রী।
Visit rouesnews.click for more information.
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ইখলাসুর রহমান মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের টাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর ঝগড়াবিবাদ হতো। গত রাতেও মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। আজ ভোরে ইখলাসুর মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করেন। পরে ইখলাসুর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে ধরে পুলিশে দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে বিবাদের জেরে সন্তান তাঁর মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই গ্রামেরই পার্শ্ববর্তী স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।