চুক্তিতে না থাকায় টাইব্রেকারে ‘না’ ফুলহামের, খালি জালে গোল প্রতিপক্ষের

· Prothom Alo

প্রীতি ম্যাচ মানেই তো নিয়ম একটু শিথিল, উত্তেজনা একটু কম—এমনটাই ভাবা হয়। কিন্তু স্পেনের রোসালেদায় বুধবার রাতে ফুলহাম আর মালাগার মধ্যকার কোস্টা দেল সল ট্রফির ম্যাচ প্রমাণ করল, প্রীতি ম্যাচেও নাটকের কমতি থাকে না।

Visit esporist.org for more information.

ম্যাচের নির্ধারিত সময় তখন প্রায় শেষ। ফুলহাম এগিয়ে ২-১ গোলে। ঠিক তখনই ছন্দপতন—কালভিন বাসেকে হ্যান্ডবলের অভিযোগে পেনাল্টি পায় মালাগা, স্পট থেকে গোল করে ২-২ করেন এনেকো হাউরেগি। খেলা শেষের বাঁশি বাজতেই রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ও ফুলহাম কোচ আলভারো আরবেলোয়া রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন। তারপর যা হলো, রীতিমতো প্রহসন।

আরবেলোয়া মাঠ ছেড়ে সোজা টানেলে ঢুকে পড়লেন। পিছু নিল তাঁর দলও। ফুলহাম ধরেই নিয়েছিল, ম্যাচ শেষ। কিন্তু মালাগার খেলোয়াড়েরা তখনো মাঠে দাঁড়িয়ে, অপেক্ষায় টাইব্রেকারের। গ্যালারিভর্তি দর্শকও প্রস্তুত পেনাল্টি শুটআউট দেখতে। কিছুক্ষণ অপেক্ষা করে স্পটকিকে বল বসিয়ে দেন মালাগার হাউরেগি।

কোনো প্রতিপক্ষ, কোনো গোলরক্ষক ছাড়াই, একেবারে ফাঁকা জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান তিনি। তারপর সতীর্থদের নিয়ে উদ্‌যাপনও সারেন, যেন সত্যিকারের জয়ের গোল!

সমস্যা হলো, ফুলহাম তখন ড্রেসিংরুমের পথে। ক্লাবটির দাবি—‘ম্যাচের আগেই দুই দল সম্মত হয়েছিল, ড্র হলে টাইব্রেকার হবে না।’ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাবটি।

নাটক হয়েছে ফুলহাম-মালাগার ম্যাচে

কিন্তু মালাগার ভাষ্য সম্পূর্ণ উল্টো। ক্লাবের ওয়েবসাইটে লেখা হয়েছে, টাইব্রেকার নির্ধারিতই ছিল সূচিতে। কিন্তু ফুলহাম মাঠ ছেড়ে যাওয়ার সময় দাবি করে, চুক্তিতে নাকি শুটআউটের কথা উল্লেখ ছিল না।

প্রীতি ম্যাচের ফলে অবশ্য কারও কিছু যায়-আসে না। ফুলহামের আসল পরীক্ষা ২৪ আগস্ট ক্রেভেন কটেজে, প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চেলসি।

Read full story at source