পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর নিখোঁজ হয় ছাত্রী, দুদিন পর লাশ উদ্ধার
· Prothom Alo

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে ময়মনসিংহের তারাকান্দায় এক ছাত্রী নিখোঁজ হওয়ার দুদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে খবর পেয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ছাত্রী (১৭) উপজেলার একটি উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত সোমবার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, ওই ছাত্রী অন্য বিষয়গুলোতে পাস করলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে।
Visit biznow.biz for more information.
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই কিশোরীকে তার পরিবারের সদস্যরা বকাঝকা করেন। ওই দিন দুপুর ১২টার পর সে বাড়ি থেকে বের হয়। তখন তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। এর পর থেকে ওই কিশোরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৫০ হাত দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটিতে পানির গভীরতা ছিল দুই থেকে তিন ফুট। এই পরিমাণ পানিতে মেয়েটির মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। ওই ছাত্রীর বাবা বলেন, ‘মেয়ে নিখোঁজের পর অনেক জায়গায় খুঁজেছি। ভেবেছিলাম, পরীক্ষায় খারাপ করেছে বলে মন খারাপ করে কারও বাড়িতে চলে গেছে। এভাবে মেয়ের লাশ দেখতে হবে, ভাবিনি। আমার মেয়ে কীভাবে মারা গেল, কিছুই বুঝতে পারছি না।’
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলাল উদ্দিন জানান, আজ ওই ছাত্রীর বাড়ি থেকে ৫০ হাত দূরের একটি পুকুরে ২ থেকে ৩ ফুট পানির মধ্যে মরদেহ পাওয়া যায়। পুকুরে যে পরিমাণ পানি, তাতে সেখানে ওই কিশোরীর স্বাভাবিক মৃত্যু হওয়ার কথা নয়। সুরতহালেও মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কিশোরীর মরদেহ যে অবস্থায় পাওয়া গেছে, এটা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। আশা করছি, দ্রুত রহস্য উন্মোচন করা যাবে।’