যোসেফাইট ইন্ট্রা ম্যাথ ফিয়েস্তা ২০২৬ সফলভাবে সম্পন্ন
· Prothom Alo

উৎসবমুখর ও বুদ্ধিবৃত্তিক আবহে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভ্যন্তরীণ গণিত উৎসব ‘যোসেফাইট ইন্ট্রা ম্যাথ ফিয়েস্তা ২০২৬’। ২ ও ৩ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই চমৎকার আয়োজন সম্পন্ন হয়। ‘লেট ইনফিনিটি বি ইয়োর লিমিট’ মূলমন্ত্র সামনে রেখে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের মেধা ও বিশ্লেষণাত্মক দক্ষতার এক অনন্য প্রদর্শনী দেখা যায়। সেন্ট যোসেফের শিক্ষার্থীদের গাণিতিক প্রতিভা বিকাশ এবং সুপ্ত মেধা অন্বেষণের লক্ষ্যেই যোসেফাইট ম্যাথ ক্লাব (জেএমসি) এই বিশেষ উৎসবের আয়োজন করে।
Visit playerbros.org for more information.
চার ক্যাটাগরিতে মেধার লড়াই
কেবল যোসেফাইটদের জন্য আয়োজিত এই উৎসবকে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণিভেদে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল: প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি। জেএমসির অফিশিয়াল ওয়েবসাইট (jmc-sjs.org) এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
আকর্ষণীয় যত ইভেন্ট
শিক্ষার্থীদের যৌক্তিক ও কৌশলগত চিন্তাভাবনা পরীক্ষার জন্য সাজানো হয়েছিল একগুচ্ছ রোমাঞ্চকর প্রতিযোগিতা। সব ক্যাটাগরির জন্য ছিল ম্যাথ অলিম্পিয়াড, সুডোকু, আইকিউ টেস্ট, ক্রিপ্টোম্যানিয়া এবং রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতা। খুদে শিক্ষার্থীদের (প্রাইমারি ও জুনিয়র) জন্য ছিল ‘হিউম্যান ক্যালকুলেটর’ এবং ‘টিক-ট্যাক-টো’। অন্যদিকে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য ছিল আরও জটিল কিছু পর্ব—যেমন ‘ক্যালকুলাস বি’, ‘জ্যামিতি ড্যাশ’, ‘প্রবাবিলিটি প্রেশার’, ‘সিঙ্গুলারিটি’ এবং দলগত বুদ্ধির পরীক্ষা ‘এস্কেপ রুম’।
জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী
উৎসবের সমাপনী দিনে পুরস্কার বিতরণী পর্বের আয়োজন করা হয়। এবারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নেপাল চন্দ্র রায়। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার নিপু রোজারিও, সিএসসি এবং ক্লাবের মডারেটর অসীম কুমার হালদার। এ ছাড়া শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাস এবং যোসেফাইট ম্যাথ ক্লাবের সভাপতি তাওহীদ বিন ওমর।
বক্তব্য পর্ব শেষে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের এই অনন্য মেধার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গণিতের এই চর্চা বজায় রাখার আহ্বান জানান। পুরস্কার বিতরণী শেষে এক আনন্দের আমেজে উৎসবের পর্দা নামে।
সহযোগিতায় যারা ছিল—
এবারের আয়োজনে পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের বেশ কিছু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। উৎসবের সফল বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিল দৈনিক প্রথম আলো, সিপি ফাইভ স্টার, বিজ্ঞান সাময়িকী বিজ্ঞানচিন্তা, শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল, কিশোরদের জনপ্রিয় ম্যাগাজিন কিশোর আলো এবং মেরিডিয়ান।
যোসেফাইট ম্যাথ ক্লাবের পরিচালনা ও পরিকল্পনায় পুরো উৎসবটি সফল রূপ পায়। আয়োজকদের মতে, এটি কেবল একটি প্রতিযোগিতা ছিল না; বরং শিক্ষার্থীদের মন থেকে গণিতের ভীতি দূর করে যুক্তি ও চিন্তার সীমানাকে অসীমে নিয়ে যাওয়ার একটি প্রয়াস।