স্কুলব্যাগ নিচে রেখেই জামগাছে উঠেছিল শিশু, ‘পিঁপড়ার কামড়ে’ পড়ে মৃত্যু

· Prothom Alo

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জামগাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের লৈথলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Visit mchezo.co.za for more information.

নিহত শিশুর নাম মো. রাকিব (১০)। সে একই এলাকার আবদুর রহিমের ছেলে। সে থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, ওই শিশু স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পথে জাম পাড়তে সে গাছে উঠেছিল। গাছের নিচেই সে স্কুলব্যাগ রেখেছিল। তবে গাছে উঠতেই পিঁপড়ার কামড়ে ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা একটি বাঁশে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, গাছ থেকে পড়ে বাঁশে বিদ্ধ হয়ে শিশুর মৃত্যু হয়েছে। এরপর স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়ি নিয়ে গেছেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে এ ঘটনা সম্পর্কে তাঁকে কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি। তাঁরা এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

Read full story at source