আম নিয়ে ফেরার পথে নামেন কাঁচাগোল্লা কিনতে, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

· Prothom Alo

গাজীপুর থেকে ৩০ তরুণ ব্যবসায়ী দলবেঁধে গিয়েছিলেন আম কিনতে রাজশাহীতে। আম নিয়ে ফেরার পথে নাটোরের কাঁচাগোল্লা কিনতে বাস থেকে নেমেছিলেন রাকিবুল ইসলাম (২৫)। কিন্তু কাঁচাগোল্লা নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

Visit betsport.cv for more information.

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ভাই ভাই হার্ডওয়্যার দোকানের সামনে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাকিবুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়াচালা এলাকার মুজিবুর রহমানের ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম ও তাঁর প্রায় ৩০ বন্ধু গতকাল সকালে ‘সৌখিন’ নামে একটি বাস ভাড়া করে রাজশাহীতে আম কিনতে যান। আম কেনা শেষে রাতের দিকে গাজীপুরে ফেরার পথে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় বাস থামিয়ে কাঁচাগোল্লা কিনতে নামেন তাঁরা। কাঁচাগোল্লা কিনে বাসে ওঠার ঠিক আগে একটি দ্রুতগতির ট্রাক রাকিবুলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাকিবুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাকিবুলের মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Read full story at source