বিজয়ের দেহরক্ষীর পোস্টে রহস্য, তামিলনাড়ুতে আসছে রাজনৈতিক চমক?
· Prothom Alo

দক্ষিণি সিনেমার তারকা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয় এখন ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল তামিলগা ভেত্রি কড়গম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকেই রাজ্যের রাজনীতি যেন নতুন মোড় নিয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, টানটান উত্তেজনা আর জল্পনা।
এ পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয়েছে বিজয়ের দেহরক্ষীর একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট। আর সেই পোস্ট ঘিরেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা, তাহলে কি সত্যিই বড় কোনো রাজনৈতিক চমক আসছে?
দেহরক্ষীর পোস্টে নতুন রহস্য
সম্প্রতি বিজয়ের দীর্ঘদিনের দেহরক্ষী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল, ‘মহাবিশ্ব কখনো ভুল করে না। ধৈর্য ধরুন...বড় কিছু হতে যাচ্ছে।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘হ্যাপি ডে।’
Visit syntagm.co.za for more information.
মাত্র কয়েকটি লাইন, কিন্তু তাতেই যেন আগুনে ঘি পড়ে। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে টিভিকে সমর্থকদের মধ্যে। অনেকে এটিকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেছেন।
কারও ধারণা, সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ কোনো সমর্থন পেতে চলেছে টিভিকে। আবার কেউ মনে করছেন, বিজয়কে মুখ্যমন্ত্রী করার পথ হয়তো দ্রুতই পরিষ্কার হতে যাচ্ছে।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি বিজয় বা তার দল।
চলচ্চিত্র অঙ্গনের সমর্থন
রাজনৈতিক এ অনিশ্চয়তার মধ্যেও বিজয়ের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণি চলচ্চিত্রজগতের অনেক তারকা।
অভিনেতা বিশাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তামিলনাড়ুতে টিভিকেকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক জোট কল্পনাই করা যায় না। তাঁর ভাষায়, টিভিকেকে ছাড়া কোনো জোট হলে, সেটা হবে অবিশ্বাস্য ও বিস্ময়কর।
শুধু বিশাল নন, আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে বা পরোক্ষভাবে বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
রাজনীতিতে সিনেমার প্রভাব
তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার প্রভাব নতুন কিছু নয়। এম জি রামাচন্দ্রন, জয়ললিতা বা করুনানিধি—অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্বের উত্থানের পেছনেই ছিল চলচ্চিত্রজগতের জনপ্রিয়তা।
সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার বিজয়ও রাজনীতিতে বড় শক্তি হয়ে উঠেছেন।
বিশ্লেষকদের মতে, তাঁর জনপ্রিয়তার সবচেয়ে বড় ভিত্তি তরুণ ভোটাররা। দীর্ঘদিন ধরেই সামাজিক নানা ইস্যুতে সরব ছিলেন তিনি। আর সেই জনপ্রিয়তাকেই রাজনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম হয়েছে টিভিকে।
বিজয়ের বার্তাও বাড়াচ্ছে জল্পনা
নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিজয়ের বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও চলছে বিশ্লেষণ।
সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ভালো কিছু ঘটবে। সাফল্য নিশ্চিত।’
অনেকে মনে করছেন, এটি শুধু শিক্ষার্থীদের উদ্দেশে লেখা বার্তা ছিল না; বরং রাজনৈতিক পরিস্থিতির প্রতিও ছিল একটি ইঙ্গিত।
এখন দেহরক্ষীর রহস্যময় পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
ইন্ডিয়াডটকম অবলম্বনে