বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল
· Prothom Alo

ময়মনসিংহের ত্রিশালে একটি আবাসিক বাসায় মজুত করা জ্বালানি তেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মজুতকারী ব্যক্তিকে একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মজুতকারী ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি জ্বালানি তেলের পাম্পের ব্যবস্থাপককে অর্থদণ্ড দেন।
Visit betsport.cv for more information.
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় ছয়তলা একটি বাসার নিচতলার একটি কক্ষে সিঁড়ির নিচে জ্বালানি তেল মজুত করেছিলেন ওই বাসার ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১)। তিনি একটি ফিলিং স্টেশনের কর্মচারী। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে জ্বালানি তেল থাকা একটি পাত্রে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়।
বাসায় জ্বালানি তেল মজুত করে ভাড়াটিয়াদের অগ্নিঝুঁকিতে ফেলায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উমর ফারুককে একটি কক্ষে আটকে রাখেন। পরে রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় মজুত করা পেট্রলের মাধ্যমে অগ্নিদুর্ঘটনার ঘটনার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া তল্লাশিতে বাড়ির সিঁড়ির ঘরে কনটেইনারে মজুত করা আরও ৭০ লিটার পেট্রল পাওয়া যায়।
এ বিষয়ে উমর ফারুককে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুতের অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর সংশ্লিষ্ট ধারায় উমর ফারুককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উমর ফারুক তাঁর বাসার পাশের ইভা ফিলিং স্টেশনে কর্মী হিসেবে কাজ করতেন। সেখানে কাজ করার সুবাদে নিজ বাসায় জ্বালানি তেল মজুত করতেন। পাম্পে জ্বালানি তেল না থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করলে অতিরিক্ত দামে তিনি জ্বালানি তেল বিক্রি করতেন। এ জন্য ইভা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ত্রিশাল উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ‘অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির জন্য মজুত করা হয়েছিল। সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটে যায়। নিজেরা আগুন নিভিয়ে ফেললেও স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির বিচার চাইছিলেন। খবর পেয়ে মজুতকারীকে জেল ও পাম্প ম্যানেজারকে অর্থদণ্ড দেওয়া হয়।’