দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত, দুটি তদন্ত কমিটি

· Prothom Alo

কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সময় তাঁদের দায়িত্বে অবহেলার তথ্য পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল ৯টার দিকে এই দুজনকে বরখাস্ত করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Visit asg-reflektory.pl for more information.

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে–সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পালাক্রমে দুজন গেটম্যান সিগন্যালের কাজে নিয়োজিত থাকেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মেইল ট্রেনটি নির্ধারিত স্থানে পৌঁছানোর পর পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যানের সিগন্যাল পাওয়ার কথা। কিন্তু তখর গেটম্যানকে না পাওয়ায় কমিনিউকেশনে গ্যাপ হয়ে যায়। যখন গেটম্যানের সঙ্গে যোগাযোগ হয়েছে, ততক্ষণে বাসটি ক্রসিংয়ে উঠে গিয়ে ট্রেনটির মুখে পড়ে। এ ঘটনার সঠিক কারণ খুঁজতে আমরা দুটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে সব বেরিয়ে আসবে।’

তদন্ত কমিটি গঠন

এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটির সদস্যদের দুর্ঘটনার কারণ জানাতে বলা হয়েছে। আজ সকালে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রেল যোগাযোগ বন্ধ

এই দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাউন লাইন (চট্টগ্রামমুখী লাইন) দিয়ে একটি মেইল ট্রেন চলাচল করেছে। আজ সকাল সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এলে দুই দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেন। এই মাত্র ট্রেনের মুখ থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। দ্রুতই ট্রেনের উদ্ধারকাজ শেষ হবে।

এর আগে সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা রেলস্টেশন থেকে টু ডাউন (চট্টগ্রাম মেইল) চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে। ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাকবলিত এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার অতিক্রম করে ট্রেনটি।

গতকাল শনিবার রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

Read full story at source