মাংস খেতে চাওয়ায় বৃদ্ধ মাকে মারধর, কলসি গলায় ঝুলিয়ে বাজারে ঘোরানো হলো ছেলেকে
· Prothom Alo

বৃদ্ধ মা ভোররাতে সাহ্রি খাওয়ার সময় ছেলের ঘরে রান্না করা একটু ছাগলের মাংস খেতে চেয়েছিলেন। ছেলে (৩৬) মাংস না দিয়ে উল্টো মাকে মারধর করেন। মা ভোররাতেই কাঁদতে কাঁদতে বিচার নিয়ে হাজির হন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান আজ রোববার সকালে অভিযুক্ত ছেলেকে চৌকিদার (গ্রাম পুলিশ) দিয়ে ধরে আনেন। পরে ইউনিয়ন পরিষদে প্রকাশ্য সালিসে ছেলের গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে স্থানীয় বাজার ঘোরানো হয়।
ঘটনাটি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের একটি গ্রামের। ওই ঘটনায় আজ রোববার সকালে ছাতারপাইয়া বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সালিস করেন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। চেয়ারম্যানের সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হয়।
Visit asg-reflektory.pl for more information.
ভিডিওতে চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত লোকজনের উদ্দেশে আরও বলতে শোনা যায়, ‘এ রকম কোনো ব্যক্তি যদি মাকে ভাত না দেয়, মারধর করে তাহলে বিচার নিয়ে আমাদের কাছে আসবেন, কোনো জেলজুলুমের দরকার নাই। বিচার আমরা করব।’
পরে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, বৃদ্ধ মা ছেলের ঘরে ছাগলের মাংস রান্না হয়েছে শুনে গত শনিবার ভোররাতে সাহ্রি খাওয়ার সময় এক টুকরো মাংস চেয়েছিলেন। ছেলে মাংস তো দেননি, উল্টো মাকে মারধর করেছেন। লাথির পর লাথি দিয়েছেন। ভোররাতেই মা কাঁদতে কাঁদতে তাঁর বাড়িতে এসে ঘটনাটি অবহিত করে বিচারপ্রার্থী হন। এরপর আজ সকালে তিনি চৌকিদার পাঠিয়ে ধরে এনে বিচারের ব্যবস্থা করেন।
মাকে মারধরের অভিযোগে ছেলেকে ধরে এনে সালিসে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ঘটনা তিনি পরস্পরের মুখে শুনেছেন বলে উল্লেখ করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। প্রথম আলোকে তিনি বলেন, গ্রাম্য সালিসে আদালত করার তাঁর অধিকার আছে। কিন্তু এ ধরনের বিচারব্যবস্থার কথা আগে তিনি শোনেননি। বিষয়টি দৃষ্টিকটু। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।