বানরছানা পাঞ্চ যেভাবে বিশ্বখ্যাত ব্র্যান্ড আইকিয়ার একটি পণ্য সোল্ড আউট করে দিল

· Prothom Alo

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েক দিন ধরে এক বানরছানা বেশ আলোচিত। আশপাশের বড় বানরদের তাড়া খেয়ে তাকে ছুটে বেড়াতে দেখা যায় এক ওরাংওটাং পুতুল হাতে। জাপানের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে জন্ম নেওয়া জাপানি ম্যাকাক প্রজাতির এই বানরের নাম পাঞ্চ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সব ভিডিওতেই দেখা যায়, পুতুল ওরাংওটাংটিকে সে শক্ত করে জড়িয়ে ধরে এক কোণে বসে আছে কিংবা ছুটে বেড়াচ্ছে কোলে নিয়ে। মায়াবী এসব দৃশ্য বহু মানুষের মনে জায়গা দিয়েছে ছোট্ট পাঞ্চকে, একই সঙ্গে মানুষ কৌতূহলী হয়েছে পুতুল ওরাংওটাংটির প্রতিও।

Visit amunra.qpon for more information.

শীতে বিড়াল-কুকুরসহ পোষা প্রাণী, পাখি ও মাছের যত্ন যেভাবে নেবেন

পাঞ্চ ও তার প্রিয় পুতুল

২০২৫ সালের জুলাই মাসে পাঞ্চের জন্ম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পাঞ্চের মা জন্মের পরপরই তাকে পরিত্যাগ করে। মা ছেড়ে দেওয়া এ ধরনের শাবকের প্রকৃতিতে বেঁচে থাকা বেশ কঠিন। তাই তাকে বাঁচিয়ে রাখতে নিয়ন্ত্রিত পরিবেশে পরিচর্যাকারীদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়, যাতে তার শারীরিক বিকাশ স্বাভাবিক থাকে।

সুইডিশ ব্র্যান্ড আইকিয়ার ‘ইয়ঙ্গেলস্কুক’ সিরিজের একটি নরম লোমশ গাঢ় কমলা রঙের ওরাংওটাং পুতুল দেওয়া হয় পাঞ্চকে

কিন্তু জাপানি ম্যাকাক শাবকেরা জন্মের পর মায়ের শরীর আঁকড়ে ধরে থাকে। এই আঁকড়ে ধরা কেবল শারীরিক উষ্ণতার জন্য নয়, বরং মানসিক নিরাপত্তা, এমনকি ওদের পেশি বিকাশেরও অংশ। পাঞ্চ সেই সুযোগ না পাওয়ায় পরিচর্যাকারীরা বিকল্প খুঁজতে থাকেন।

চিড়িয়াখানার কর্মী কসুকে শিকানো জানান, নানা উপকরণ চেষ্টা করার পর তারা শেষমেশ সুইডিশ ব্র্যান্ড আইকিয়ার ‘ইয়ঙ্গেলস্কুক’ সিরিজের একটি নরম লোমশ গাঢ় কমলা রঙের ওরাংওটাং পুতুল দেন, যাতে পাঞ্চ সেটিকে আঁকড়ে ধরতে পারে। দেখতে দেখতে এই পুতুলই পাঞ্চের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। আর পরের ঘটনা তো সবারই জানা।

সুইজারল্যান্ডে প্রতি ৭ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জন কোটিপতি, ধনী হওয়ার সুইস সূত্রগুলো জানুন

যেভাবে আইকিয়ার পুতুল সোল্ড আউট করে দিল ছোট্ট পাঞ্চ

পাঞ্চের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই জাপানে আইকিয়ার এই পুতুলের চাহিদা দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায়ও একই প্রবণতা দেখা যায়। ‘ওয়াশিংটন পোস্ট’কে দেওয়া এক বিবৃতিতে আইকিয়া জানায়, পাঞ্চের গল্প ভাইরাল হওয়ার পর পণ্যটির বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং কয়েকটি দেশে এটি সাময়িকভাবে স্টক আউটও হয়ে যায়।

যে পুতুলটির দাম ছিল কেবল ২০ ডলার, সেটিই বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েক গুণ বেশি দামে তালিকাভুক্ত হতে শুরু করে। বাজার বিশ্লেষকেরা এটিকে স্বতঃস্ফূর্তভাবে আবেগতাড়িত চাহিদার আকস্মিক বৃদ্ধি বা উত্থান হিসেবে দেখছেন, যেখানে কোনো বিজ্ঞাপন বা প্রচারণা ছাড়াই কেবল একটি হৃদয়ছোঁয়া গল্প পণ্যের চাহিদা বাড়িয়ে দিচ্ছে।

পাঞ্চের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই জাপানে আইকিয়ার এই পুতুলের চাহিদা দ্রুত বাড়তে থাকে

ব্র্যান্ডটির প্রতিক্রিয়া ও কৌশল

আইকিয়া এই পরিস্থিতিকে কেবল সরবরাহ-সংকট হিসেবে দেখেনি। কোম্পানিটি দ্রুত জানায়, তারা খেলনাটির সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে। এমনকি পরবর্তী সময়ে আইকিয়া জাপানের প্রেসিডেন্ট পেত্রা ফারে চিড়িয়াখানাটি পরিদর্শন করেন এবং ইয়ঙ্গেলস্কুক সিরিজের একাধিক পুতুল উপহার দেন। বিভিন্ন দেশের আইকিয়া শাখা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্যের সঙ্গে পাঞ্চের গল্প উল্লেখ করে পোস্ট শেয়ার করতে থাকে।

বিড়াল-কুকুরকে ঘরের খাবারে অভ্যস্ত করে তুলবেন যেভাবে

এখানে একটি বিষয় লক্ষণীয়, আইকিয়া নিজে এ ক্ষেত্রে কোনো পরিকল্পিত বিজ্ঞাপন বা বিপণন প্রচারণা শুরু করেনি; বরং চলমান ঘটনাপ্রবাহ ও এর আবেগের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ডিজিটাল যুগে কোনো ব্র্যান্ডের এ ধরনের সুচিন্তিত ও পরিণত আচরণ গ্রাহকের আস্থা আরও দৃঢ় করে, যা আইকিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে।

পাঞ্চের গল্প যেন তাই সমসাময়িক বস্তুবাদী সমাজ, ভোক্তা সংস্কৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং আবেগনির্ভর বাজার আচরণের একটি স্পষ্ট উদাহরণ

পাঞ্চের গল্প যা শেখাল

পাঞ্চের গল্প দেখিয়েছে কোনো পণ্যের বাজারমূল্য শুধু তার নকশা, উপাদান বা ব্র্যান্ড পরিচয়ে নির্ধারিত হয় না। পেছনের প্রেক্ষাপট, এমনকি আবেগও অনেক সময় কোনো পণ্যকে নতুন অবস্থানে নিয়ে যেতে পারে, বিক্রি বাড়িয়ে দিতে পারে বহুগুণ।

পাঞ্চের গল্প যাঁরা জানেন, তাঁরা যখন পুতুলটি কিনছেন, তাঁরা শুধু একটি খেলনাই কিনছেন না; অংশীদার হচ্ছেন পাঞ্চের প্রতি মানবিকতা প্রদর্শনে। কিন্তু এই ঘটনা স্মরণ করিয়ে দেয় ডিজিটাল যুগে আবেগের গতি বাজারের গতির চেয়েও দ্রুত।

পাঞ্চের গল্প যেন তাই সমসাময়িক বস্তুবাদী সমাজ, ভোক্তা সংস্কৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং আবেগনির্ভর বাজার আচরণের একটি স্পষ্ট উদাহরণ।


সূত্র: ওয়াশিংটন পোস্ট, স্পোকসম্যান রিভিউ, গিজমোডো, গার্ডিয়ান, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইউকে

কুকুর, ইগল, বানর নিয়ে শহিদুলের ‘পরিবার’

Read full story at source