যশোরে সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলের মৃত্যু
· Prothom Alo

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন শাহিনুর রহমান। তিনি শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁর দুই সন্তান। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
Visit asg-reflektory.pl for more information.
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন শাহিনুর রহমান। এ সময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেই রাতেই তাঁকে ঢাকায় নেওয়া হয়।
ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গত বুধবার ভোরে শাহিনুরের মাথায় অস্ত্রোপচার হয়। তখন চিকিৎসকেরা বলেছিলেন, ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। ৭২ ঘণ্টা পার হলেও তাঁর জ্ঞান ফেরেনি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন বলে শুনেছেন। তবে এ–সংক্রান্ত কোনো কাগজপত্র পাননি। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।