যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা

· Prothom Alo

মো. মহিউদ্দিন রুবেল, সাবেক পরিচালক, বিজিএমইএ

হাতে সময় পাঁচ সপ্তাহের মতো। ৫ জানুয়ারির মধ্যে মতামত দিতে হবে, শুনানি ২৫ জানুয়ারি। এর মধ্যেই ঠিক হবে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক সর্বোচ্চ ১৮ শতাংশে থাকবে, নাকি ২০ শতাংশে উঠবে। ২৫ নভেম্বরের ‘অতিরিক্ত সক্ষমতা’ (এক্সেস ক্যাপাসিটি) শুল্কের প্রস্তাব হঠাৎ আসেনি। এটি দেড় বছরের একটি প্রক্রিয়ার ফল।

পাল্টা–শুল্ক থেকে সেকশন ৩০১
২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা–শুল্ক ঘোষণা করেন। দর-কষাকষিতে তা ২০ শতাংশে নামে। ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ১৯ শতাংশ হারে পারস্পরিক বাণিজ্যচুক্তিতে (এআরটি) সই করে। কিন্তু ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করে দেন। ২৪ ফেব্রুয়ারি বসে সেকশন ১২২-এর ১০ শতাংশ অস্থায়ী শুল্ক।

Visit mchezo.life for more information.

মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) সেকশন ৩০১-এর আওতায় দুটি তদন্ত শুরু করে। একটি অতিরিক্ত সক্ষমতা নিয়ে, অন্যটি জোরপূর্বক শ্রম নিয়ে। ২৪ জুলাই অস্থায়ী শুল্কের জায়গা নেয় জোরপূর্বক শ্রমের ১০ শতাংশ শুল্ক। ২৫ নভেম্বর ইউএসটিআর সর্বোচ্চ ১৮ শতাংশের প্রস্তাব দেয়। আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে হার ২০ শতাংশ পর্যন্ত যেতে পারে।

গত এপ্রিলের একটি লেখায় আমি উল্লেখ করেছিলাম, ওয়াশিংটন একটি ‘দুর্গ’ গড়ছে। পাল্টা–শুল্কের রাজস্ব ঘাটতি পূরণ হবে সেকশন ৩০১-এর মতো শক্ত আইনি শুল্কে। কারণ, ভিত্তি যা-ই হোক, রাজস্বই তাদের মূল লক্ষ্য। সেকশন ৩০১ শুল্কের কোনো সর্বোচ্চ সীমা নেই, চার বছর পর পর্যালোচনায় তা চালুও রাখা যায়। অতীতে আদালতেও এটি টিকে গেছে। জোরপূর্বক শ্রম মামলায় শুনানির ১৪ দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। সেই হিসাবে এবারের সিদ্ধান্ত আসতে পারে ৮ ফেব্রুয়ারির আশপাশে, যদিও কোনো তারিখ ঘোষণা হয়নি।

বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ
ইউএসটিআরের ভাষায়, বাজার পরিস্থিতিতে যতটা উৎপাদন হওয়ার কথা, সরকারি নীতির কারণে ধারাবাহিকভাবে তার চেয়ে বেশি সক্ষমতা চালু থাকলে সেটিই অতিরিক্ত সক্ষমতা। তবে এর সর্বজনস্বীকৃত কোনো সংজ্ঞা নেই। যুক্তরাষ্ট্র নিজেও পোশাক বানায় খুব কম। দেশটির পোশাক আমদানিতে পরিমাণের হিসাবে বাংলাদেশের অংশ ১০ দশমিক ৭ শতাংশ। ইউএসটিআর বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি সূচক দেখিয়েছে: জিডিপিতে উৎপাদন খাতের উচ্চ অংশ, শ্রমের নিম্ন অংশ, বাণিজ্য উদ্বৃত্ত, চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং চীনা কাঁচামাল আমদানি বৃদ্ধি।

প্রতিযোগিতা সক্ষমতার কী হবে
তৈরি পোশাকে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক ১৫ দশমিক ৬ শতাংশ। ইউএসটিআরের প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের মোট শুল্ক দাঁড়াবে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ শতাংশে। এটি ভিয়েতনাম (৫০ দশমিক ৬), চীন (৪৩ দশমিক ১) ও ভারতের (৪০ দশমিক ৬) চেয়ে কম, আর কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সমান। তদন্তের বাইরে থাকা পাকিস্তানের শুল্ক ২৫ দশমিক ৬ শতাংশ।

এই সুবিধা ভঙ্গুর। ভারত ও ভিয়েতনাম চুক্তি করলে তাদের শুল্ক নামবে যথাক্রমে ৩২ দশমিক ৬ ও ৩৫ দশমিক ৬ শতাংশে। তখন ভারত চলে যাবে বাংলাদেশের নিচে। বাংলাদেশের সামনে কম হারের কোনো প্রস্তাব নেই, অবশ্য ঝুঁকিও কম। আলোচনা ব্যর্থ হলে বাংলাদেশের শুল্ক সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ শতাংশ হতে পারে, যেখানে কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার হতে পারে ৪০ দশমিক ৬।

চূড়ান্ত সিদ্ধান্তের আগে হার বদলানো যায়। জোরপূর্বক শ্রম মামলায় ভারত, শ্রীলঙ্কাসহ চারটি দেশ আমদানি নিষেধাজ্ঞা দিয়ে এবং জর্ডান চুক্তি করে নিজেদের হার সাড়ে ১২ থেকে ১০ শতাংশে নামিয়েছে।

তুলার কোটা চালু হয়নি
গত জুলাইয়ে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য মার্কিন তুলাভিত্তিক শুল্ক কোটা চালুর নির্দেশ দেওয়া হয়। কোটা এখনো চালু হয়নি, আর চালু হলেও ছাড় মিলবে শুধু ১০ শতাংশ শুল্কে। ইন্দোনেশিয়া পাঁচ বছর ধরে বছরে অন্তত ১ লাখ ৬৩ হাজার টন মার্কিন তুলা আমদানিতে সহায়তার অঙ্গীকার করেছে, বাংলাদেশ করেনি। ২০২৫ সালে বাংলাদেশের তুলা আমদানির মাত্র ১০ শতাংশের মতো ছিল মার্কিন তুলা। নতুন নোটিশে কোটার উল্লেখ নেই। ইউএসটিআর শুধু জানতে চেয়েছে, কিছু পোশাক কম শুল্কে ঢুকতে দিতে ‘টেক্সটাইল মেকানিজম’ দরকার কি না, আর তাতে জুলাইয়ের কোটা বিবেচনায় আসবে কি না।

শক্তি ও দুর্বলতা কোথায়
বাংলাদেশের পক্ষে যুক্তিও আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ১৪টি অর্থনীতির মধ্যে সবচেয়ে কম। ব্যতিক্রম শুধু সিঙ্গাপুর, যার ঘাটতি রয়েছে। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে মূল্যের হিসাবে বাংলাদেশের অংশ মাত্র ৮ শতাংশের মতো। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) স্থিতিতে চীনের অংশ ৮ দশমিক ৪৪ শতাংশ। নতুন ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরিও শ্রম সংস্কারের অগ্রগতির ইঙ্গিত দেয়।

দুর্বলতাও আছে। ইপিজেড শ্রম সংস্কারের বাইরে। পোশাক খাতের কাঁচামাল আমদানির প্রায় ৭০ শতাংশ আসে চীন থেকে। নগদ প্রণোদনা রপ্তানি মূল্যের ২০ শতাংশ পর্যন্ত। গত মার্চে ইউএসটিআর ১৬টি অর্থনীতির কাছে পরামর্শ বৈঠকের অনুরোধ পাঠিয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, শুধু বাংলাদেশ ও চীন তা গ্রহণ করেনি। নতুন নোটিশে ‘চলমান আলোচনা’র কথা থাকলেও সেই সাড়া না দেওয়ার বিষয়টি নথিতে রয়ে গেছে। তথ্যটি সঠিক না হলে লিখিত মন্তব্য ও গণশুনানিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক জবাব দিতে হবে।

করণীয় কী আছে
ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে সরকারকে তিনটি কাজ করতে হবে। এআরটি নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে, চলমান আলোচনাকে আনুষ্ঠানিক রূপ দিতে হবে আর বাণিজ্য মন্ত্রণালয়, ওয়াশিংটন দূতাবাস, বিজিএমইএ ও বিকেএমইএকে নিয়ে একটি সমন্বিত দল গড়তে হবে।

আগামী ৫ জানুয়ারির মধ্যে ইউএসটিআরের পোর্টালে লিখিত মতামত এবং শুনানিতে অংশ নেওয়ার আবেদন জমা দিতে হবে। চুক্তি হলে ভারতকে ১৭ শতাংশ হার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের হার যেন এর বেশি না হয়, সেটাই দাবি হওয়া উচিত, আর অন্তত টেক্সটাইল মেকানিজমসহ ১৮ শতাংশ চাইতে হবে। এই মেকানিজমে দুই স্তরের শুল্ক ও পুরো পোশাক অন্তর্ভুক্ত থাকতে হবে, আর মার্কিন তুলা কেনা বাড়লে কোটাও বাড়তে হবে। মার্কিন আমদানিকারক, ব্র্যান্ড ও তুলা সংগঠনকেও পক্ষে মতামত দিতে উদ্বুদ্ধ করতে হবে।

২৫ জানুয়ারির শুনানিতে সরকারের প্রতিনিধিদের সশরীর উপস্থিত থাকতে হবে। সেখানে তারিখসহ প্রতিশ্রুতি দিতে হবে: ইপিজেডে শ্রম আইন কার্যকর করা, জরিমানার ক্ষমতাসহ আকস্মিক পরিদর্শন চালু করা, পরিদর্শক বাড়ানো, নগদ প্রণোদনা ধাপে ধাপে কমানো এবং মার্কিন তুলা কেনার লক্ষ্যমাত্রা ঠিক করা। নতুন মজুরি পরিশোধের প্রমাণও দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মতো অগ্রগতি দৃশ্যমান রাখতে হবে। কারখানাগুলোকেও এখনই বেল থেকে পোশাক পর্যন্ত মার্কিন তুলা ব্যবহারের নথি রাখা শুরু করতে হবে।

দেড় বছরের বেশি সময়ে শুল্ক ৩৭ থেকে ৩৫, তারপর ২০ শতাংশে নেমেছে। ১৯ শতাংশের চুক্তি কার্যকর হয়নি। এরপর এসেছে সেকশন ১২২-এর ১০ শতাংশ, তারপর জোরপূর্বক শ্রমের ১০ শতাংশ, আর এখন সর্বোচ্চ ১৮ শতাংশের প্রস্তাব। সময়মতো মতামত, শুনানিতে উপস্থিতি আর প্রতিশ্রুতির দৃশ্যমান অগ্রগতি থাকলে ১৮ শতাংশ ধরে রাখা যাবে। আর ১৮ শতাংশ যেহেতু সর্বোচ্চ সীমা, তাই হার কমানোর সুযোগও থাকবে, তুলায় ছাড়ের সুযোগও তৈরি হবে। কিন্তু প্রতিশ্রুতি কাগজে আটকে থাকলে ২০ শতাংশের ঝুঁকি থেকেই যাবে। তখন ঝুঁকিতে পড়বে দেশের সবচেয়ে বড় শিল্পের সবচেয়ে বড় একক বাজারও।

মহিউদ্দিন রুবেল, বিজিএমইএর সাবেক পরিচালক।
ই-মেইল: [email protected]

Read full story at source