পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে
· Prothom Alo

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে (৪১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Visit saltysenoritaaz.org for more information.
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে তছলিম চৌধুরীকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
ওই আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের সহচর ও তাঁর বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা। এ ছাড়া পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ থেকে শুরু করে দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা এবং অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।
আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তার লক্ষ্যে পরবর্তী সময়ে প্রয়োজনে তাঁর রিমান্ডের আবেদন করা হবে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলার সূত্রে জানা যায়, ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় নেতা–কর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল, পেট্রলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ত্রাস ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ ও জনমনে ভীতি সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে এসি (পল্লবী জোন) ও তাঁর সঙ্গীয় ফোর্সদের জখম করা হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই দিন ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ ও একটি দুই লিটারের প্লাস্টিকের বোতলভর্তি পেট্রল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পরদিন বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি করে পুলিশ।