কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির
· Prothom Alo

দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Visit truewildgame.online for more information.
সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল ২০১০ সালে। তবে ওই শিক্ষানীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই এখনো বাস্তবায়ন করা হয়নি। এতে বলা হয়েছিল, দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে। ২০১১-১২ অর্থবছর থেকেই নতুন প্রাথমিক শিক্ষা চালু করে ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে সব শিশুর জন্যই তা বাস্তবায়ন করতে বলা হয়েছিল; কিন্তু তা হয়নি।
সংসদীয় কমিটির বৈঠক সূত্র জানায়, বৈঠকে একটি কার্যকর এবং যুগোপযোগী শিক্ষানীতি করার বিষয়ে আলোচনা হয়। এমন একটি শিক্ষানীতি করার পরামর্শ দেওয়া হয় যেটি যুগের চাহিদার সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ এবং কল্যাণকর হবে।
এ ছাড়া বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৫ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্যে ৬৪ হাজার ৪০২টি ল্যাপটপ সচল আছে। বাকি ৫৯৮টি ল্যাপটপ অচল অবস্থায় আছে।
বৈঠকে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ে চলমান ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের দৈনিক পুষ্টি চাহিদা, বয়স, স্থানীয় প্রাপ্যতা এবং নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনা করে খাদ্যতালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন শিক্ষার্থীপ্রতি খরচ ধরা হয়েছে ৩৭ টাকা ৯২ পয়সা।
কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা (প্রাক্বৃত্তিমূলক পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৫৩টি জেলায় অষ্টম শ্রেণি পাস করার আগে ঝরে পড়েছে এমন চার হাজার বিদ্যালয়বহির্ভূত কিশোর-কিশোরীকে ছয় মাসব্যাপী প্রাক্বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার ক্ষেত্রে কোনো অঞ্চলের সব স্কুলই যেন অন্তর্ভুক্ত থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। প্রাথমিক শিক্ষা লেভেলে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক যেন পদায়ন করা হয়, সে বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।
কমিটি টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি, শিক্ষাপদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করতে সুপারিশ করে। কমিটির পক্ষ থেকে বলা হয়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানপদ্ধতি এমনভাবে নেওয়া উচিত, যেন শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।
কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী ও মাহফুজা হান্নান।