টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার
· Prothom Alo

টিকটকে পরিচয়ে বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামের চীনা এক নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ ঘটনায় ওই চীনা নাগরিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
Visit biznow.biz for more information.
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই কিশোরী ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরের দিন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরী তার বড় বোনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে।
ওই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন একটি ভবনের সপ্তম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
সদর থানার পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে ওই চীনা নাগরিকের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট খাওয়াদাওয়া ও আলাপচারিতার পর ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে চীনা নাগরিক একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে কিশোরী জবানবন্দি দিয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, আজ বুধবার বিকেলে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।