শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল

· Prothom Alo

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বলপূর্বক গুমের বিষয়টি এসেছিল বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, আর বিষয়টি বাস্তবায়ন করেছিলেন জিয়াউল আহসান। গুম–হত্যার উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

Visit asg-reflektory.pl for more information.

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে আজ বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার এ কথাগুলো বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার যুক্তিতর্ক চলছে। আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বিচারের সময় কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।

যুক্তিতর্কে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, দুই ধরনের অপরাধ রয়েছে। একটি হলো মানুষের বিরুদ্ধে অপরাধ, আরেকটি মানবতার বিরুদ্ধে অপরাধ। মানুষের বিরুদ্ধে করা অপরাধের চেয়ে মানবতার বিরুদ্ধে করা অপরাধ বড়। এ জন্য ট্রাইব্যুনাল আইনে (এই আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হয়) সাজা শুরুই হয়েছে মৃত্যুদণ্ড দিয়ে। পরে বলা হয়েছে, অপরাধের মাত্রা অনুযায়ী অন্য সাজাও দেওয়া যাবে।

কখন মানবতার বিরুদ্ধে অপরাধ হয় তা ব্যাখ্যা করতে গিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ‘একজন মানুষ একটা অপরাধ করল। সে অপরাধে আদালত তাকে যেকোনো সাজা দিতে পারেন। অন্যদিকে আরেকজন মানুষ আজকে যে অপরাধ করল, এটা শুধু আজকের নয়, ওই ব্যক্তি সেই অপরাধ শুরু করেছে অনেক আগে থেকে। অপরাধ করতে করতে আজকেও একটি অপরাধ করল। এই অপরাধ ওই ব্যক্তি আবার করতে থাকল।’

জুলাই গণ–অভ্যুত্থান না হলে আসামি জিয়াউল আহসান (মেজর জেনারেল হিসেবে অবসরে যান তিনি) আরেকটি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে যেতেন উল্লেখ করে প্রসিকিউটর বলেন, আরও ৫০টি বা ১০০টি অপারেশনের পরিকল্পনা করতেন। ওই সুন্দরবনে হয়তো আরও দুই হাজার মানুষের লাশ পাওয়া যেত। অথচ গত দুই বছরে আর একটি খবরও শোনা যায়নি যে কোথাও অজ্ঞাতপরিচয় লাশ পাওয়া গেছে, কোথাও কেউ গুম হয়েছে।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, জিয়াউল আহসান দেড় শতাধিক মানুষকে হত্যা করেছেন। এর বাইরেও হাজারের বেশি মানুষকে হত্যার জন্য দায়ী তিনি।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মাঝি আলকাছ মল্লিক এবং বিডিআর হাসপাতালের সাবেক মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলামকে হত্যার অভিযোগ আনা হয়েছে। যুক্তিতর্কে গাজী মোনাওয়ার বলেছেন, জিয়াউল শুধু আলকাছ ও নজরুলকে হত্যা করেননি, এই দুজনের পর অসংখ্য মানুষকে হত্যা করেছেন। এর আগেও অসংখ্য মানুষ হত্যা করেছেন তিনি। এ কারণে জিয়াউলের অপরাধ শুধু মানুষের মধ্য সীমাবদ্ধ নেই, এটা মানবতার বিরুদ্ধে বিস্তৃত হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ হতে হলে তা সরকারের নীতির অংশ হতে হয় উল্লেখ করে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এসেছে তৎকালীন সরকারের নির্বাহী প্রধান শেখ হাসিনার মাথা থেকে। জিয়াউল তা বাস্তবায়ন করেছেন। কিন্তু নীতিটা এসেছে সরকার থেকে।

ক্ষমতায় থাকার ক্ষেত্রে যারা হুমকি হয়ে উঠবে, প্রতিবাদী হয়ে উঠবে, তাদের নির্মূল করে দিতে হবে—সরকারের নীতি এমন ছিল বলে উল্লেখ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার। তিনি বলেন, অসংখ্য গোপন বন্দিশালা ছিল, যেখানে ভুক্তভোগীদের প্রথমে নিয়ে রাখা হতো, পরে হত্যা করা হতো।

অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, পুলিশ, র‍্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবিতে এসব গোপন বন্দিশালা ছিল। একজন মানুষকে ধরে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দেবে। সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সংস্থার ভবনের নিচতলায় কেন একেকটা ক্যাম্প বানাতে হবে? এ জন্যই এটা সরকারি নীতির অংশ।

উদাহরণ দিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, গুম কমিশনের প্রতিবেদনে ২২ বছরের একজন ব্যক্তির জবানবন্দি রয়েছে। ওই ব্যক্তি জবানবন্দিতে বলেছেন, চোখ বেঁধে তাঁকে ভবনে ঢোকানোর পর তাঁর চোখ খোলা হয়। সেখানে তিনি সপ্তাহখানেক ছিলেন। প্রহরীদের আলোচনা থেকে বুঝতে পারেন, সেটি ছিল পুলিশ সদর দপ্তর।

Read full story at source