হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন
· Prothom Alo

চট্টগ্রাম নগরের নয়াবাজার গোলচত্বরে ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের একটি অংশ দেবে গেছে। গতকাল মঙ্গলবার গোলচত্বরের এক পাশে এবং আজ বুধবার সকালে আরেক পাশে দেবে যায়। প্রশস্ত সড়ক হওয়ায় আপাতত যানবাহন চলাচলে সমস্যা না হলেও দ্রুত সড়কটি সংস্কার করা না গেলে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
সড়কের অংশ দেবে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) দায়ী করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের দাবি, দেবে যাওয়া অংশে ওয়াসার পাইপ রয়েছে। বিটিসিএলও কাজ করছিল। এতে পানির পাইপ ফুটো হয়ে গেছে। ফলে মাটির নিচের স্তর নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে গেছে।
Visit albergomalica.it for more information.
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কের এই অংশে ওয়াসা কিছুদিন আগে পাইপ বসানোর কাজ করছিল। কোনো কারণে পাইপের ছিদ্র থাকতে পারে। পানি বের হয়ে মাটি নরম হয়েছে। এর মধ্যে বিটিসিএলও পাইপ বসানোর কাজ করছে। এতে পাইপ ফুটো হয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
সড়কের দেবে যাওয়া অংশ বাঁশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে জানিয়ে আনিসুর রহমান বলেন, পাইপ ফুটো হয়ে যাওয়ায় পানির প্রচণ্ড চাপে মাটি দেবে গেছে। ওয়াসা পানির সরবরাহ বন্ধ করেছে। কোথায় পাইপ ফুটো হয়েছে, তা খুঁজে বের করে সংস্কার করার প্রক্রিয়া চলছে। এরপর সিটি করপোরেশন সড়ক ঠিক করবে।
জানতে চাইলে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়াসার কাজের জন্য সড়ক দেবে যাওয়ার অভিযোগ সত্য নয়। ওই এলাকায় ওয়াসার কাজ প্রায় পাঁচ মাস আগে শেষ হয়েছে।