আন্তর্জাতিক ফ্যাশনজগতে নতুন উদ্যোগ আইদা মেহনাজের ‘আভারি’
· Prothom Alo

ফ্যাশন, লাক্সারি ও লাইফস্টাইল খাতের ব্যবসা এবং সৃজনশীল উদ্যোগকে কৌশলগত পরামর্শ দিতে ‘আভারি’ নামে স্বাধীন অ্যাডভাইজরি গ্রুপ চালু করেছেন আইদা মেহনাজ।
বাংলাদেশে বেড়ে ওঠা, বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা, এরপর প্যারিসে ফ্যাশন নিয়ে উচ্চশিক্ষা। আন্তর্জাতিক লাক্সারি ফ্যাশনজগতে এক দশকের বেশি সময় কাজের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে নিউইয়র্কে আছেন আইদা মেহনাজ। ফরাসি ব্র্যান্ড মোয়নার গ্লোবাল ব্র্যান্ড রিলেশনস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সম্প্রতি ভাইয়ের সঙ্গে শুরু করেছেন নিজের পরামর্শক প্রতিষ্ঠান ‘আভারি’। নিউইয়র্কের ১৬১ ওয়াটার স্ট্রিটে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়।
Visit freshyourfeel.com for more information.
প্রতিষ্ঠিত ব্র্যান্ড থেকে শুরু করে উদীয়মান সৃজনশীলদের কৌশলগত পরামর্শ দেওয়া এবং দক্ষিণ এশিয়ার ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করাই আভারির মূল লক্ষ্য। বাংলাদেশেও আগে আইদার নেতৃত্বে ডিজাইনার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্মশালা, ব্র্যান্ড কৌশল নির্ধারণ, ফ্যাশন শো আয়োজন এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রচারাভিযান সমন্বয়ের মতো কাজ করেছে তাঁর দল। এবার সেই অভিজ্ঞতা ও যোগাযোগকে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগাতে চান তিনি। বিশ্বের প্রতিষ্ঠিত লাক্সারি ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করে অর্জিত অভিজ্ঞতা এবার স্বাধীনভাবে বিভিন্ন সৃজনশীল উদ্যোগে কাজে লাগাতে চান আইদা। প্যারিসে কার্যক্রম শুরুর পাশাপাশি ঢাকায়ও আভারির উপস্থিতি আরও জোরালো করার পরিকল্পনা রয়েছে তাঁর। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষিণ এশিয়ার স্থানীয় সৃজনশীলতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে ফ্যাশন ও সৃজনশীল ব্যবসার বিকাশে ভূমিকা রাখাই এই উদ্যোগের লক্ষ্য।
বায়োক্যামেস্ট্রি থেকে ফ্যাশনের দুনিয়ায়
বাংলাদেশেই বেড়ে উঠেছেন আইদা মেহনাজ। পড়াশোনা করেছেন বায়োকেমেস্ট্রিতে। তবে প্রায় ১০ বছর আগে জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্যারিসে পাড়ি জমান। সেখানে ফ্যাশন শিক্ষাপ্রতিষ্ঠান ইএসএমওডিতে স্নাতকোত্তর পড়াশোনা করেন। এরপর কাজের সুযোগ পান ফরাসি ফ্যাশন ব্র্যান্ড মুগলারে। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগে কাজ করার সময়ই তাঁর সঙ্গে পরিচয় হয় বর্তমানে মোয়নার ইমেজ ডিরেক্টর বারট্রান্ড ল্য গালের। মুগলারে কাজের পাশাপাশি ফ্যাশন নিয়েও নিজের আগ্রহের জায়গা তৈরি করেছিলেন আইদা। বর্তমানে তিনি মোয়নার গ্লোবাল ব্র্যান্ড রিলেশনস বিভাগের প্রধান।
নতুন উদ্যোগ ‘আভারি’
নিজের আন্তর্জাতিক কর্মজীবনের অভিজ্ঞতাকে এবার স্বাধীনভাবে কাজে লাগাতে চান আইদা। সে লক্ষ্যেই ভাইয়ের সঙ্গে শুরু করেছেন ‘আভারি’। এটি একটি যোগাযোগ ও পরামর্শক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাজারে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভোক্তাদের কাছে পৌঁছাতে আগ্রহী ব্র্যান্ড ও প্রতিভাবান ব্যক্তিদের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব ব্র্যান্ড বৃহত্তর আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায়, তাদের নিয়েও কাজ করবে প্রতিষ্ঠানটি। আইদার ভাই থাকেন ঢাকায়। আর আইদা নিজে বাংলাদেশ থেকে প্যারিস হয়ে বর্তমানে নিউইয়র্কে কাজ করছেন। চারটি ভিন্ন সময় অঞ্চলে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা থেকেই ভাইয়ের সঙ্গে এই উদ্যোগ গড়ে তোলা। আইদার ভাষায়, তাঁর নিজের জীবনের ভৌগোলিক বিস্তারের সঙ্গে আভারির কার্যক্রমেরও মিল রয়েছে। ‘আভারি’ নামটি সংস্কৃত একটি ধারণা থেকে নেওয়া, যার সঙ্গে সীমাহীনতা ও রূপান্তরের ভাবনা যুক্ত। তাঁর মতে, সময়ের সঙ্গে লাক্সারি পণ্যের ক্রেতাদের রুচি ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তাঁরা এখন অনেক বেশি বহুসাংস্কৃতিক মানসিকতার অধিকারী। ফলে লাক্সারির প্রচলিত ধারণা ও মূল্যবোধও বদলে যাচ্ছে।
দক্ষিণ এশিয়ার প্রতিভাদের জন্য কাজ
আভারির মাধ্যমে ব্র্যান্ড ও সৃজনশীল ব্যক্তিদের অংশীদার হতে চান আইদা। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য দক্ষিণ এশিয়ার প্রতিভাবান মানুষদের এগিয়ে নেওয়া। তাঁর পর্যবেক্ষণ, পশ্চিমা গণমাধ্যমে দক্ষিণ এশীয়দের প্রতিনিধিত্ব এখনো যথেষ্ট নয়। আবার যাঁরা সেখানে নিজেদের জায়গা করে নিয়েছেন, তাঁদের অনেকেরই পশ্চিমা বাজারে নিজেদের কাজ ও পরিচিতি কীভাবে উপস্থাপন করতে হবে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেই। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে অনেক প্রতিভাবান মানুষের কাজ সামনে এসেছে বলে মনে করেন আইদা। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের খুঁজে বের করা কিংবা তাঁদের কাজের সঙ্গে পরিচিত হওয়ার পথ অনেকেরই জানা নেই। এই জায়গায় নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।
বদলে যাওয়া বাংলাদেশের সৃজনশীল অঙ্গন
প্রায় এক দশক আগে শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ ছাড়ার সময় দেশের সৃজনশীল অঙ্গনের পরিসর তুলনামূলক ছোট ছিল বলে মনে করেন আইদা। তখন নতুন ধরনের কাজের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কম ছিল। তখন অনেক সৃজনশীল উদ্যোগেই ভারত বা পাকিস্তানের কাজের প্রভাব দেখা যেত। কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলেছে। বাংলাদেশে ডিজাইনার, রাঁধুনি, আলোকচিত্রীসহ বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা নিজেদের বৈশ্বিক প্রতিভা হিসেবে তুলে ধরতে চাইছেন। তাঁরা আর নিজেদের চারপাশের পরিবেশ বা স্থানীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। এই পরিবর্তনই ঢাকায় আভারির একটি কেন্দ্র গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের সৃজনশীল অঙ্গনে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, আন্তর্জাতিক পরিসরে তার পরিচিতি বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন আইদা।
বাংলাদেশের কারখানা নিয়ে নিজের পর্যবেক্ষণ
সাক্ষাৎকারে বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের প্রতিবাদ নিয়েও কথা বলেছেন আইদা। তবে তিনি স্পষ্ট করেছেন, এ বিষয়ে তাঁর বক্তব্য একান্তই ব্যক্তিগত পর্যবেক্ষণ; তিনি কারও হয়ে কথা বলছেন না। আইদার মতে, বাংলাদেশে কিছু কারখানায় যথাযথ নিয়ন্ত্রণ ও তদারকির অভাব রয়েছে। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং নিরাপত্তাব্যবস্থায় প্রয়োজনীয় বিনিয়োগ না করে উৎপাদন খরচ কমিয়ে রাখার প্রবণতাও থাকতে পারে। অন্যদিকে এমন অনেক কারখানাও আছে, যারা ভালো মানের পোশাক তৈরি করে এবং কর্মীদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে। নিজের পরনের সোয়েটারটির উদাহরণ দিয়ে তিনি জানান, সেটিও বাংলাদেশে তৈরি। তাঁর বক্তব্য, যেসব কারখানায় শ্রমিকেরা যথাযথ সুযোগ-সুবিধা পান না, তাঁদের প্রতিবাদ করাটা স্বাভাবিক। তবে পশ্চিমা গণমাধ্যমে এ ধরনের আলোচনা হলে অনেক সময় ঘটনার একটি দিকই বেশি সামনে আসে বলে মনে করেন তিনি।
দক্ষিণ এশীয় ক্রেতাদের বদলে যাওয়া অভ্যাস
বিশ্বজুড়ে তথ্য ও সংস্কৃতির আদান-প্রদানের ধরনও বদলেছে। আগে বিভিন্ন দেশের মানুষ আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে একই সময়ে একইভাবে জানতে পারতেন না। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে পৃথিবীর নানা প্রান্তের মানুষ একই সময়ে একই ঘটনা বা আলোচিত বিষয় নিয়ে আলোচনা করছেন। তবে সাংস্কৃতিক পার্থক্য এখনো রয়ে গেছে। এই পরিবর্তন বৈশ্বিক ভোক্তাদের কেনাকাটার অভ্যাসেও প্রভাব ফেলেছে বলে মনে করেন আইদা। উদাহরণ হিসেবে তিনি ব্যাংককের কথা বলেছেন। তাঁর মতে, বাংলাদেশিদের কাছে ব্যাংকক অনেকটা দ্বিতীয় ঢাকার মতো। সেখানে রাস্তায় হাঁটতে গেলেও পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। দক্ষিণ এশিয়ার উচ্চ আয়ের ক্রেতারা কেনাকাটার জন্য থাইল্যান্ডের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেও যান। এ অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক মিল যেমন রয়েছে, তেমনি অনেক ক্ষেত্রে ভাষারও মিল আছে। ফলে দক্ষিণ এশিয়ার ভোক্তাদের রুচি ও কেনাকাটার অভ্যাস বুঝতে পারা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য গুরুত্বপূর্ণ।
মায়ের গয়না থেকেই লাক্সারির প্রথম পাঠ
আইদার কাছে লাক্সারির প্রথম পরিচয় পশ্চিমা কোনো ফ্যাশন ব্র্যান্ডের মাধ্যমে হয়নি; বরং মায়ের কাছ থেকে পাওয়া পারিবারিক ঐতিহ্যের গয়নাই ছিল তাঁর লাক্সারির সঙ্গে প্রথম পরিচয়। মায়ের উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়নাগুলোর কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, সেগুলো ২৪ ক্যারেট সোনার তৈরি। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের মধ্যে এসব গয়না হস্তান্তরিত হয়েছে। ভবিষ্যতে মায়ের কাছ থেকে সেগুলো উত্তরাধিকার হিসেবে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। দক্ষিণ এশিয়ার ঐতিহ্য ও কারুশিল্পকে আধুনিক ফ্যাশনের সঙ্গে যুক্ত করার উদাহরণ হিসেবে ভারতের সব্যসাচী ব্র্যান্ডের কথা বলেছেন আইদা। তাঁর মতে, স্থানীয় সংস্কৃতি ও শিল্পকলায় এখন আরও বেশি বিনিয়োগ করছেন এ অঞ্চলের সৃজনশীল উদ্যোক্তারা। তাঁদের অনেকেরই রয়েছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি।
তথ্যসূত্র: ভোগ বিজনেস