অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিকশা
· Prothom Alo
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় এক পরিবারের দুই শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় অরক্ষিত রেলক্রসিংয়ের পাশাপাশি অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলাকে দায়ী করা হচ্ছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না। আবার ট্রেনের হর্ন শোনার পরও অটোরিকশাচালক যাত্রীদের নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এতে ঘটে প্রাণহানির ঘটনা।
দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। তবে আহত চালক মো. জয়নালের (২৩) খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনায় তাঁর এক হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।
Visit saltysenoritaaz.com for more information.
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর ছোট বোন কাশিফা জান্নাত (২০), কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।
আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০) ও অটোরিকশাচালক জয়নাল। আহত তানিয়া ও সাকিলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত সাজ্জাদের স্বজন মনোয়ারা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর তাঁরা ছয়জন রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়ক থেকে দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। দুর্ঘটনায় তিনিও সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার।
অরক্ষিত রেলক্রসিংয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে ট্রেনআইকনিক রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। ব্যারিয়ার বসানোর জন্য রেল বিভাগকে লিখিতভাবে জানানো হবে।
দুর্ঘটনার পর সন্ধ্যায় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে লোকজনের সমাগমও নেই। তবে মাঝেমধ্যে একটি-দুটি অটোরিকশা চলাচল করছিল। দক্ষিণ মিঠাছড়ির গ্রামীণ সড়কের ওপর দিয়ে গেছে রেললাইন।
ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের হর্ন বাজে। কিন্তু অটোরিকশাটি না থেমে সামনে এগোতে থাকে। মুহূর্তের মধ্যে ট্রেনটি এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়ক থেকে নিচের ফসলি জমিতে ছিটকে পড়ে। ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আসার আগমুহূর্তে অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। চালকের অসাবধানতা ও অবহেলার কারণেই এ দুর্ঘটনায় চারজনের প্রাণ গেছে।
নিহত ব্যক্তিদের স্বজন জাবেদ ইকবাল বলেন, এই রেলপথে ট্রেন চলাচল করলেও ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহনকে পারাপার করতে হয়।
এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চারজনেরঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রেলক্রসিংটি অরক্ষিত রয়েছে। সেখানে গেট বসানোর বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এ সড়ক দিয়ে দিনে কত যানবাহন চলাচল করে, তা-ও দেখা হবে। এক পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা তদন্ত করা হবে। অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় চালক আহত হলেও তিনি কোথায় আছেন, তা জানা যাচ্ছে না।
রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী, কক্সবাজারে ট্রেন চলাচল শুরু হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর। বর্তমানে এই রুটে ৫ জোড়া ট্রেন চলাচল করে। কক্সবাজার থেকে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথের ৩০টির বেশি এলাকায় রেলক্রসিং অরক্ষিত রয়েছে।