এআইয়ের পরামর্শে দামি ঘড়ি কিনছেন ক্রেতারা, বিপাকে বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড
· Prothom Alo

দামি ঘড়ি কেনার আগে কোন ব্র্যান্ডটি ভালো, কোন ঘড়ির দাম ভবিষ্যতে বাড়তে পারে কিংবা কোনটি কিনলে অর্থের যথাযথ মূল্য পাওয়া যাবে—এসব প্রশ্নের উত্তর জানতে ক্রেতারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্বারস্থ হচ্ছেন। ফলে বিলাসবহুল ঘড়ির বাজারে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে।
Visit extonnews.click for more information.
এত দিন বিজ্ঞাপন, তারকাদের প্রচার কিংবা বিশেষজ্ঞদের মতামতের ওপর নির্ভর করলেও এখন ঘড়ি প্রস্তুতকারকদের ভাবতে হচ্ছে, এআই তাঁদের পণ্য সম্পর্কে কী তথ্য দিচ্ছে এবং কোন ব্র্যান্ড কেনার পরামর্শ দিচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঘড়ির নকশা, দাম ও মান সম্পর্কে সিদ্ধান্ত নিতে এআইয়ের ওপর ক্রেতাদের নির্ভরতা বাড়ছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর কৌশল নতুন করে সাজাচ্ছে বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে ঘড়ি বিক্রেতাদেরও ক্রেতাদের পরিবর্তিত আচরণের সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশল সমন্বয় করতে হচ্ছে।
পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানি এবং ফ্রান্সের বিলাসপণ্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন কমিতে কোলবার্টের করা চলতি বছরের এক গবেষণায় দেখা গেছে, বিলাসপণ্য কেনার পেছনে যাঁরা যত বেশি অর্থ ব্যয় করেন, কেনাকাটার সিদ্ধান্ত নিতে তাঁদের এআই ব্যবহার করার প্রবণতাও তত বেশি। গবেষণায় দেখা যায়, বিলাসপণ্যের ক্রেতাদের ২৮ শতাংশ কেনাকাটার ক্ষেত্রে এআই ব্যবহার করেন।
বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড হাবলটের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়েন তোরনারে বলেন, আগে কোনো পণ্য সম্পর্কে জানতে মানুষ গুগলে খুঁজতেন। এখন তাঁরা সরাসরি এআইয়ের মতামত নিচ্ছেন।
আরেক সুইস বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড ট্যাগ হিউয়ারের প্রধান বিপণন কর্মকর্তা জর্জ সিজ মনে করেন, এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ঘড়ি প্রস্তুতকারকদের আরও নিখুঁত পণ্য তৈরির চাপ তৈরি হচ্ছে। কারণ, কোনো পণ্যের ত্রুটি বা দুর্বলতা থাকলে এআইয়ের মাধ্যমে তা ক্রেতাদের সামনে আরও সহজে উঠে আসতে পারে।
এআইয়ের পরামর্শে কোন ব্র্যান্ড এগিয়ে
এআই ক্রেতাদের পছন্দ কতটা বদলে দিতে পারে, তা নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের মধ্যে মতভিন্নতা রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিজিটাল লাক্সারি গ্রুপের কৌশলবিষয়ক পরিচালক ডমিনিক উইয়ার মনে করে, এআই মূলত আগে থেকে প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও বিশেষজ্ঞদের মতামতই নতুনভাবে তুলে ধরছে।
উদাহরণ হিসেবে ডমিনিক উইয়ার বলেন, তাঁদের সংগৃহীত তথ্যে এআইয়ের সুপারিশে রোলেক্স সাধারণত প্রথম অবস্থানে থাকে। তবে এর কারণ এই নয় যে এআই স্বাধীনভাবে রোলেক্সকে সবচেয়ে ভালো ব্র্যান্ড হিসেবে নির্ধারণ করেছে। বরং কয়েক দশক ধরে সাংবাদিক, ঘড়িবিশেষজ্ঞ ও বিভিন্ন অনলাইন আলোচনায় রোলেক্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। এআই মূলত সেই প্রতিষ্ঠিত ধারণাই তুলে ধরছে।
তবে ক্রেতা কী ধরনের প্রশ্ন করছেন, তার ওপর সুপারিশ বদলে যায়। ডমিনিক উইয়ারের মতে, দীর্ঘ মেয়াদে বিনিয়োগের জন্য কোন ঘড়ি ভালো—এমন প্রশ্ন করলে প্যাটেক ফিলিপের নাম সামনে আসে। আবার কেউ পাঁচ হাজার পাউন্ডের কম দামে ভালো ঘড়ি খুঁজলে টিউডর কিংবা টিসোর মতো ব্র্যান্ডের নাম উঠে আসতে পারে। অর্থাৎ এআইয়ের উত্তর অনেকাংশেই নির্ভর করছে ক্রেতা কী জানতে চাইছেন এবং কীভাবে প্রশ্নটি করছেন, তার ওপর।
ছোট ব্র্যান্ডগুলোর জন্য নতুন সংকট
এআইনির্ভর কেনাকাটার প্রবণতা প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর জন্য সুবিধা তৈরি করলেও তুলনামূলক ছোট ও স্বাধীন ঘড়ি প্রস্তুতকারকদের জন্য তা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ফসিল গ্রুপের প্রধান ডিজিটাল ও তথ্য কর্মকর্তা আন্তোনিও ক্যারিয়েরো বলেন, যেসব ব্র্যান্ড ও ঘড়ি নিয়ে বিশেষজ্ঞদের মতামতসহ অনলাইনে প্রচুর তথ্য রয়েছে, যাদের নাম বিভিন্ন জায়গায় নিয়মিত উল্লেখ করা হয় এবং যাদের তথ্য সহজে পাওয়া যায়, তারা এআইয়ের যুগে আরও প্রভাবশালী হয়ে উঠতে পারে। তার বিপরীতে, কোনো স্বাধীন ঘড়ি প্রস্তুতকারক অসাধারণ পণ্য তৈরি করলেও অনলাইনে পর্যাপ্ত ও সুবিন্যস্ত তথ্য না থাকলে এআইয়ের সুপারিশে তার নাম খুব কমই আসতে পারে। এ কারণে শুধু ভালো ঘড়ি তৈরি করলেই চলবে না; সেই ঘড়ির ইতিহাস, বৈশিষ্ট্য, প্রযুক্তি ও বিশেষত্ব সম্পর্কে ডিজিটাল মাধ্যমে পর্যাপ্ত তথ্যও নিশ্চিত করতে হবে।
প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব ব্র্যান্ডের ভাবমূর্তি নিয়ে ইতিমধ্যে সমালোচনা রয়েছে, তাদের জন্য এআইয়ের সুপারিশ নতুন উদ্বেগ তৈরি করছে।
এআই বদলাচ্ছে বিপণনকৌশল
এআইয়ের সুপারিশে জায়গা করে নিতে ঘড়ি প্রস্তুতকারকদের এখন বিশেষায়িত গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বাড়ানো, নিজেদের ওয়েবসাইটে পণ্যের বিস্তারিত তথ্য প্রকাশ এবং সেসব তথ্য এআই সহজে বুঝতে পারে, এমনভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দিতে হচ্ছে।
ট্যাগ হিউয়ারের প্রধান বিপণন কর্মকর্তা জর্জ সিজ বলেন, এআই এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আগামী বছর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ফরাসি বিলাসপণ্য প্রস্তুতকারক গোষ্ঠী এলভিএমএইচ ইতিমধ্যে তাদের ৮০০ জনের বেশি ব্যবস্থাপককে এআই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে।
ভবিষ্যতে এ খাতে আরও বড় পরিবর্তন আনতে পারে ‘এজেন্টিক এআই’। এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু তথ্য বা পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না; ব্যবহারকারীর পক্ষে বিভিন্ন কাজও সম্পন্ন করতে পারে। যেমন কোনো ক্রেতার পছন্দ ও বাজেট অনুযায়ী ঘড়ি খুঁজে দেওয়া, বিভিন্ন বিক্রেতার দাম তুলনা করা, পণ্যটি কোথায় পাওয়া যাচ্ছে তা যাচাই করা, এমনকি নির্দিষ্ট অনুমতি ও ব্যবস্থার আওতায় কেনাকাটার প্রক্রিয়াও সম্পন্ন করতে পারে এআই।
ডমিনিক উইয়ারের মতে, যেসব ব্র্যান্ড এখন থেকেই ডিজিটাল মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান ও পরিচিতি গড়ে তুলতে পারবে, ভবিষ্যতে এআই এজেন্টের সুপারিশে সেগুলো এগিয়ে থাকতে পারে।
ঘড়ির দোকানে কি ক্রেতা কমবে
এআইয়ের প্রভাব বাড়লেও দামি ঘড়ি কেনার ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার গুরুত্ব পুরোপুরি হারিয়ে যাবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিলাসবহুল ঘড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াচেস অব সুইজারল্যান্ড গ্রুপের ই-কমার্স পরিচালক ইয়ান ওয়ারউইক বলেন, সাধারণ ক্রেতারা এখনো দোকানে গিয়ে ঘড়ি দেখা, হাতে নিয়ে পরখ করা এবং কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে চান। এআই এখনো কেনাকাটার সেই আবেগঘন অভিজ্ঞতা পুরোপুরি দিতে পারে না।
তবে অনলাইনে ঘড়ি বিক্রির কৌশলে পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়েছে। ইয়ান ওয়ারউইক বলেন, আগে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে এগিয়ে রাখতে নির্দিষ্ট শব্দ বা ‘কিওয়ার্ড’ বারবার ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হতো। এখন ভাবতে হচ্ছে, ক্রেতারা এআইকে কী কী প্রশ্ন করতে পারেন এবং সেসব প্রশ্নের উত্তর পাওয়ার মতো তথ্য ওয়েবসাইটে রয়েছে কি না।
শুধু নতুন ঘড়ি নয়, ব্যবহৃত বা পুরোনো বিলাসবহুল ঘড়ির বাজারেও এআই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এআইয়ের সাহায্যে ক্রেতারা এখন নতুন ও ব্যবহৃত ঘড়ির দাম সহজে তুলনা করতে পারছেন। একই মডেলের ঘড়ি নতুন অবস্থায় কত দামে বিক্রি হচ্ছে এবং ব্যবহৃত অবস্থায় তার বাজারমূল্য কত, এসব তথ্যও তুলনামূলক সহজে পাওয়া যাচ্ছে।
ট্যাগ হিউয়ারের জর্জ সিজ মনে করেন, এআইয়ের কারণে দাম সম্পর্কে স্বচ্ছতা বাড়ায় ঘড়ি প্রস্তুতকারকদের নিজেদের পণ্যের মূল্য যৌক্তিকভাবে প্রমাণ করার চাপও বাড়ছে। দুর্বলতা আড়াল করার সুযোগ কমছে।