মাতুয়াইলে দেড় একরের নতুন মাঠ, এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর ঘোষণা

· Prothom Alo

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে নতুন একটি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাঠটির নির্মাণকাজ শুরু হবে।

আজ বুধবার রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ডিএসসিসি প্রশাসক এ ঘোষণা দেন। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit afnews.co.za for more information.

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, মাতুয়াইলে আরেকটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণ করবে দক্ষিণ সিটি করপোরেশন। পাশাপাশি আজ উদ্বোধন করা কলেজের নিজস্ব মাঠে আলোকসজ্জা, নেটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে এবং তাঁদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মো. আবদুস সালাম। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই মাঠ ব্যবহারের সুযোগ পাবেন।

ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে নতুন উদ্যোগের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে শিক্ষার্থীদের বিনা মূল্যে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করানো হবে।

নগরীর পরিচ্ছন্নতা রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন প্রশাসক। তিনি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে যত্রতত্র বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ করেন তিনি।

ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনের বিষয়ে আবদুস সালাম বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের খাল পারাপারের জন্য সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ করে দেবে। তাই খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন–২–এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবী উল্লাহ নবী এবং কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মোল্লা।

Read full story at source