কুমিল্লায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন
· Prothom Alo

কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বাড়িটির নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে আগুন দেওয়া হয়। বাড়ির নিচতলায় তাঁর ব্যক্তিগত কার্যালয় ছিল। এ নিয়ে বাড়িটিতে তিনবার আগুন দেওয়ার ঘটনা ঘটল।
Visit djcc.club for more information.
একই রাতে নগরের রামঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অগ্নিসংযোগ করেন। এরপরই এ ঘটনা ঘটল। রাতে নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক স্লোগান দিতে দিতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। গোপালগঞ্জে থানায় হামলা এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।
অপর একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়ির সামনে যান। সেখানে একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেন তাঁরা। একপর্যায়ে বাড়ির নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বাড়ির সামনে কাগজ ও কাঠে পেট্রল ঢেলেও আগুন দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জে থানায় হামলা এবং তাঁদের দলের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
তবে বাহাউদ্দীনের বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতারা সরাসরি কোনো মন্তব্য করেননি। তাঁদের ভাষ্য, বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়ির নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে গতকাল মঙ্গলবার রাতে আগুন দেওয়া হয়আজ বুধবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, বাহাউদ্দীন বাহারের বাড়ির গেটের ভেতরে কিছু প্লাস্টিকের বোতল ঢুকিয়ে আগুন দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর তা নিভে যায়। বাড়িটি আগে থেকেই পোড়ানো অবস্থায় আছে। আওয়ামী লীগের কার্যালয়ের অবস্থাও একই রকম। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর মুন্সেফবাড়ির বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাড়িটিতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।