ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে
· Prothom Alo

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ মঙ্গলবার সকালে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ তালিকায় সকাল সাড়ে আটটার ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ৩৩৬। এ মানকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির একিউআই ২৬৬। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের একিউআই ২১৯।
আজ ঢাকার বায়ুর যা মান তা চলতি মৌসুমে সর্বোচ্চ। পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
Visit betsport.cv for more information.
দূষণের কারণে আকাশ ঘোলাটে। কারওয়ান বাজার, ঢাকা, সকাল ৮টা, ১৭ নভেম্বরঢাকার বাতাসে দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২ দশমিক ৫। আজ ঢাকার বাতাসে পিএম ২ দশমিক ৫-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকা মানে চেয়ে ৪৮ দশমিক ৭ গুণ বেশি। এসব কণা এতই সূক্ষ্ম যে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। দীর্ঘদিন এমন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন স্থানে স্থাপিত পর্যবেক্ষণকেন্দ্রগুলোর বায়ুর মানেও উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যার হালনাগাদ তথ্য অনুযায়ী, রাজধানীর ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের কোনোটিতেই বায়ুর মান ভালো ছিল না। কয়েকটি স্থানে বায়ুর মান ছিল খুব অস্বাস্থ্যকর পর্যায়ে।
ঢাকার ১০ এলাকার বায়ুর মান
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে বাড্ডার প্রগতি সরণিতে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। গতকাল ১৭ নভেম্বর সকালে এ এলাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৪৯০। দ্বিতীয় অবস্থানে ছিল গুলশান লেক পার্ক। সেখানে একিউআই ছিল ৪৮৩।
আইকিউএয়ারের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জি। সেখানে একিউআই ছিল ৪৭৪। এ ছাড়া বারিধারার পার্ক রোডে ৪৫৫, বিআইডিএস পর্যবেক্ষণকেন্দ্রে ৪৩১ এবং বারিধারা লেকসাইডে ৪২৪ একিউআই রেকর্ড করা হয়েছে।
তালিকার অন্য এলাকাগুলোর মধ্যে বেচারাম দেওড়িতে একিউআই ছিল ৩৮৪, বে’স এজওয়াটারে ৩৭৮, ইস্টার্ন হাউজিংয়ে ২৭৮ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২০৬।
একিউআইয়ের প্রচলিত মানদণ্ড অনুযায়ী, ৩০১ থেকে ৫০০ পর্যন্ত বায়ুমানকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে তালিকার প্রথম আটটি পর্যবেক্ষণকেন্দ্রের বাতাস বিপজ্জনক পর্যায়ে ছিল। এ ধরনের বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসতন্ত্রের রোগীদের ঝুঁকি বেশি।
বায়ুদূষণের জন্য যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গত দূষিত বায়ু, নির্মাণকাজের ধুলাবালু এবং বিভিন্ন উৎস থেকে তৈরি হওয়া সূক্ষ্ম বস্তুকণাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলোতেও দূষণের মাত্রা বেশি থাকায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার বায়ুমান পরিস্থিতি আলাদাভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
আইকিউএয়ারের এই সূচক তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়। আবহাওয়া, বাতাসের গতিবেগ ও দূষণের উৎসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর মান এবং শহরগুলোর অবস্থানও বদলে যেতে পারে।
কী করা উচিত
আজ ঢাকার বায়ুর যে মান তবে অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরতে হবে। জানালা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে। বাইরে বের হয়ে ব্যায়াম না করার কথা বলা হয়েছে।