আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার

· Prothom Alo

সড়কে একের পর এক প্রাণহানি ঘটলেও এসব মৃত্যুর দায় কেউ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। কোনো পরিবার হারাচ্ছে সন্তান, কোনো পরিবার হারাচ্ছে উপার্জনক্ষম সদস্য। কিন্তু দুর্ঘটনার পর বিচার পাওয়া তো দূরের কথা, অনেক ক্ষেত্রে আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসাও পান না। রোববার বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলন।

Visit extonnews.click for more information.

সভায় বক্তারা বলেন, সড়কে মৃত্যুকে শুধু দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। চালকের বেপরোয়া আচরণ, মাদকাসক্তি, যানবাহনের ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভায় অংশ নিয়ে ২০১৯ সালে যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় নিহত শিক্ষার্থী আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ বলেন, ‘আমার ছেলে আদনান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে সড়ক দুর্ঘটনায় নয়, বরং হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।

আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে?’

আহসান উল্লাহ বলেন, সন্তান হারানোর পরও তিনি বিচার পাননি; কারও কাছ থেকে সহানুভূতিও পাননি। তাঁর মতে, সড়ক দুর্ঘটনা কমাতে হলে আগে চালকদের মধ্যে প্রতিযোগিতা ও রেষারেষি বন্ধ করতে হবে। মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরপর মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে।

সভার শুরুতে ২০১৮ সালের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে নিহত আবদুল করিম রাজীব, দিয়া খানম মীমসহ বিভিন্ন সময়ে সড়কে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩১ হাজার ৫৭৮ জন মারা গেছেন। জাতীয় স্বাস্থ্য ও আঘাত জরিপ ২০২৩-২৪ অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ২৪ হাজার ২৩৩ জন সড়ক দুর্ঘটনায় মারা যান। আহত হন ৩০ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৩৮ হাজার ২৮ জন স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন।

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের ত্রুটি, সড়কের নকশাগত সমস্যা ও আইন প্রয়োগের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আবদুল্লাহ মেহেদি।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে থাকার অভিজ্ঞতা তুলে ধরে ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, দুর্ঘটনার পর শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি হয়। পরিবারের উদ্বেগ, চিকিৎসার খরচ ও ভবিষ্যতের অনিশ্চয়তা একজন ভুক্তভোগীকে ভেতর থেকে ভেঙে দেয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের আইন প্রণয়ন এবং পথচারীদের জন্য নীতিমালা তৈরির কথা বলেন তিনি।

নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর বলেন, সড়কে আইন অমান্য করলে শাস্তির বিধান রয়েছে। কিন্তু আইন প্রয়োগের দায়িত্বে থাকা ব্যক্তিরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদের জবাবদিহির ব্যবস্থা নেই। আইন প্রয়োগে ব্যর্থতার জন্যও জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সভায় উদ্বোধনী বক্তব্যে ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, সড়ক দুর্ঘটনা নিয়ে তাঁদের একটি নিরাপত্তা জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে গত ১০০ বছরের সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ইতিহাস তুলে ধরা হবে। এ ছাড়া দুর্ঘটনার কারণ ও করণীয় সম্পর্কে ভিডিও এবং চিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে।

সভায় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাইদ, ডিটিসিএর পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

Read full story at source