দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা

· Prothom Alo

বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর ব্যয়ের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। দেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, গত ছয় মাসে তাদের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। আগামী দুই বছরে এই খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের।

মূলত জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসার খরচ বাড়ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে আয় কমার চ্যালেঞ্জেও পড়েছে অনেক প্রতিষ্ঠান।

Visit michezonews.co.za for more information.

বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি তৈরি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জরিপটি পরিচালনা করে ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা।

জরিপে দেখা গেছে, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও তারল্যসংকট স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। দেশের ৫০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে। ৪৯ শতাংশ প্রতিষ্ঠান কাঁচামালের দাম বৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে দেখছে। দেশের ৬৪ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের পর থেকে তাদের কার্যকর মূলধনের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো একই ধরনের চাপের মধ্যে রয়েছে। জরিপ অনুযায়ী, বিশ্বের ৪৪ শতাংশ প্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে খরচ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। এর পরেই রয়েছে শুল্ক (৪৩ শতাংশ) ও পণ্য পরিবহন ব্যয় (৪১ শতাংশ)। বিশ্বব্যাপী ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। আগামী দুই বছরে খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করছে ৭২ শতাংশ প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আয়েও নেতিবাচক প্রভাব ফেলছে। জরিপে অংশ নেওয়া ৩১ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান জানিয়েছে, শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত অনিশ্চয়তার কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ৩২ শতাংশ প্রতিষ্ঠান রাজস্ব বা আয় কমার কথা জানিয়েছে। আগামী দুই বছরে আয় আরও কমতে পারে বলে আশঙ্কা করছে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান। বৈশ্বিক পর্যায়ে এ হার ২৮ শতাংশ।

তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ বাংলাদেশি ব্যবসায়ী আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।

জরিপে সরবরাহব্যবস্থা পুনর্বিন্যাসে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অবস্থানের চিত্র উঠে এসেছে। উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে তোলার কৌশল ‘চায়না প্লাস ওয়ান’ গ্রহণ করেছে বাংলাদেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান।

দেশের ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে অগ্রগতি হয়েছে। দেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা অন্তত একটি বাণিজ্যসংশ্লিষ্ট কার্যক্রমে এআই ব্যবহার করে। তবে এআই ব্যবহারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তাও উঠে এসেছে জরিপে।

জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান অন্তত একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ব্যবহার করে। তবে এসব চুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ জানিয়েছে, চুক্তির পূর্ণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে বাংলাদেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান।

Read full story at source