কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

· Prothom Alo

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি মারা যান। কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি।

পূরবী বসুর (৭৭) মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।

Visit chickenroad.qpon for more information.

পূরবী বসুর আরেক পরিচয় বিজ্ঞানী। তিনি অনেক দিন ধরে নানা রোগে ভুগছিলেন। ১০ বছরের বেশি সময় ধরে তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি। পরে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর হাঁটাচলা সীমিত হয়ে আসে। জ্যোতিপ্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, শেষ মাসগুলোতে পূরবী বসু তাঁর ফ্লোরিডার বাসভবনে বাগান পরিচর্যাতেই সময় কাটাতেন। মৃত্যুর সময় তাঁর পাশে স্বামী জ্যোতিপ্রকাশ দত্ত ছাড়াও মেয়ে জয়িশা দত্ত ও ছেলে দীপন দত্ত ছিলেন।

১৯৪৯ সালে বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণকারী পূরবী বসু জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ইউনিভার্সিটি অব মিজৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে মূলত গবেষণাতেই কাটিয়েছেন পূরবী বসু। কর্নেল ইউনিভার্সিটি ও নিউইয়র্কের স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝখানে কয়েক বছর বাংলাদেশে বেক্সিমকো ও ব্র্যাকে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিজ্ঞানী নয়, নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতেই ভালোবাসতেন পূরবী বসু। নারীবাদী লেখক হিসেবে পরিচিত হলেও নিজেকে কোনো মোড়কে আটকে রাখতে রাজি ছিলেন না তিনি। ২০০৭ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নারীর অধিকার তাঁর কাছে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যেকোনো মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই তাঁর গল্পের প্রেরণা হয়ে উঠতে পারে।

জীবনের অধিকাংশ সময় বিদেশে কাটালেও তাঁর কথাসাহিত্যের পটভূমি ও আবেগের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ, যার প্রমাণ রয়েছে ‘আজন্ম পরবাসী’, ‘জোছনা করেছে আড়ি’, ‘দিনরাত্রির ছায়াঘর’ ইত্যাদি গল্পগ্রন্থে। তাঁর লেখা বিজ্ঞানবিষয়ক গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘নারী, সৃষ্টি ও বিজ্ঞান’ এবং ‘আমার এ দেহখানি’।

পূরবী বসুর সাহিত্য ভাবনার একটি কেন্দ্রীয় বিষয় ছিল অসাম্প্রদায়িক চেতনা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্রম–অবনমনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। প্রবাসের লেখকদের অসাম্প্রদায়িক বোধ ও চেতনায় উদ্বুদ্ধ করতে জ্যোতিপ্রকাশের সঙ্গে গড়ে তুলেছিলেন ‘বিশ্ব বাঙলা সাহিত্য সমাবেশ’। এর আগে নিউইয়র্কে থাকার সময়েও তাঁরা অভিবাসী বাঙালি লেখকদের নিয়ে মাসিক সাহিত্য সভার আয়োজন করতেন। আজকের বাংলাদেশে প্রথিতযশা এমন অনেক লেখকই এই সাহিত্য আসর থেকে উঠে এসেছেন।

Read full story at source