৮০ হাজার কোটি টাকার সাম্রাজ্য! রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা

· Prothom Alo

স্বামী ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। শ্বশুর মেগাস্টার চিরঞ্জীবী। তবে উপাসনা কোনিডেলার পরিচয় শুধু তারকা পরিবারের পুত্রবধূ হিসেবে নয়। ভারতের অন্যতম বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি তিনি। প্রায় ৭৭ হাজার কোটি টাকার মূল্যমানের এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত থেকে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন উপাসনা। ব্যবসা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ—বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা জানিয়েছেন, পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর দাদা, অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি। দাদার একটি কথাই বদলে দিয়েছিল তাঁর জীবন সম্পর্কে ভাবনা। উপাসনার ভাষায়, ‘তুমি এই পরিবারে জন্মেছ, এই পরিবারেই বিয়ে করেছ। তাহলে এই সুযোগ কাজে না লাগালে এর অর্থ কী? বাড়িতে বসে শুধু আরাম করতে পারো না। তোমাকে এমন কিছু করতে হবে, যাতে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।’

Visit newsbetting.cv for more information.

অন্ধ্র প্রদেশের এক অনুষ্ঠানে রাজ্যের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশের সঙ্গে আলাপচারিতায় কথাগুলো বলেন উপাসনা। দাদার সেই পরামর্শ তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছিল। এরপর বাড়িতে বসে না থেকে প্রতিদিন নিজের কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু উপাসনার এই পথচলা কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসা সামলানোর গল্প নয়; বরং পারিবারিক পরিচয়ের বাইরে নিজের সক্ষমতা প্রমাণের চেষ্টাও।

পাসনা কোনিডেলা। ফেসবুক থেকে

উত্তরাধিকার নয়, নিজের পরিচয় গড়ার লড়াই
১৯৮৬ সালের ২০ জুলাই জন্ম উপাসনার। তাঁর মা শোভনা কামিনেনি অ্যাপোলো হাসপাতালসের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। উপাসনার দাদা প্রতাপ সি রেড্ডি ১৯৮৩ সালে অ্যাপোলো হাসপাতালস প্রতিষ্ঠা করেন। চিকিৎসক প্রতাপ রেড্ডির হাত ধরেই ভারতে বেসরকারি হাসপাতালভিত্তিক স্বাস্থ্যসেবার বড় পরিসরে বিকাশ ঘটে। বর্তমানে প্রতিষ্ঠানটির হাসপাতাল, ফার্মেসি ও ডিজিটাল স্বাস্থ্যসেবার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রতাপ রেড্ডির চার মেয়েই প্রতিষ্ঠানটির পরিচালনায় যুক্ত।
লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যবসা, বিপণন ও ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন তিনি। পরে হার্ভার্ড বিজনেস স্কুলের নির্বাহী শিক্ষা কার্যক্রমেও অংশ নেন। তাঁর কর্মজীবনের বড় অংশজুড়ে রয়েছে স্বাস্থ্যসেবা, সুস্থ জীবনযাপন এবং সামাজিক উন্নয়ন।

একাধিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব
উপাসনা শুধু পারিবারিক প্রতিষ্ঠানের পরিচয়ে সীমাবদ্ধ থাকেননি। তিনি লাইফটাইম ওয়েলনেস আরএক্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর স্বাস্থ্য ও জীবনযাপনবিষয়ক উদ্যোগ ইউআরলাইফের সম্পর্ক রয়েছে। এ ছাড়া জাইডাস লাইফসায়েন্সেসের স্বতন্ত্র পরিচালক এবং অ্যাপোলো গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি অ্যাপোলো হাসপাতালসের প্রকল্প বিভাগের পরিচালক হিসেবেও নতুন দায়িত্ব পেয়েছেন উপাসনা। ভারতের বিভিন্ন শহরে নতুন হাসপাতাল নির্মাণ, পুরোনো হাসপাতালের সম্প্রসারণ ও আধুনিকায়নের পরিকল্পনায় কাজ করবেন তিনি। রোগীদের জন্য হাসপাতালের পরিবেশ আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও কার্যকর করে তোলাও তাঁর দায়িত্বের অংশ। অ্যাপোলোর প্রায় ৮ হাজার ৬০০ কোটি রুপির সম্প্রসারণ পরিকল্পনার সময়েই এই দায়িত্ব পেলেন তিনি।

সন্তানের সঙ্গে উপাসনা ও রাম চরণ। ফেসবুক থেকে

সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ পারিবারিক মূল্যবোধ
উপাসনার পরিবারের আরেকটি বিষয় বেশ আলোচিত-তাদের পারিবারিক সংবিধান। সম্পত্তি ও ব্যবসার মালিকানা নিয়ে ভবিষ্যতে যাতে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ তৈরি না হয়, সে জন্য এই লিখিত নীতিমালা তৈরি করেছেন তাঁর দাদা।

আগে এক সাক্ষাৎকারে উপাসনা জানিয়েছিলেন, তাঁদের পরিবারে সম্পদ নিয়ে বিরোধ এড়াতে সবাই এই সংবিধান মেনে চলেন। তাঁর মতে, অর্থ কখনো পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণ হওয়া উচিত নয়।

পরিবারে নারী-পুরুষের সমান অধিকার নিয়েও কথা বলেছেন তিনি। উপাসনার ভাষ্য, পরিবারের নারীরা নিজেদের প্রাপ্য অংশের দাবি জানিয়েছিলেন। তাঁদের দৃঢ় অবস্থানের কারণেই পরিবারে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।

রাম চরণের সঙ্গে প্রেম, বিয়ে ও মাতৃত্ব
ব্যবসার পাশাপাশি উপাসনার ব্যক্তিগত জীবনও আলোচনায় থাকে। দক্ষিণি সিনেমার তারকা রাম চরণের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল কলেজজীবনে। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর ২০১২ সালে বিয়ে। রাম চরণ তেলুগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। ‘আরআরআর’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি।
বিয়ের পর দীর্ঘদিন সন্তান নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে রেখেছিলেন এই দম্পতি। এ নিয়ে তাঁদের নানা প্রশ্ন ও সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে উপাসনা বরাবরই নিজের সময় ও সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন। ২০২৩ সালে তাঁদের প্রথম সন্তান ক্লিন কারা জন্ম নেয়। ২০২৬ সালের জানুয়ারিতে যমজ সন্তান শিবরাম ও অনভীরা দেবীর জন্মের পর তিন সন্তানের মা-বাবা হন রাম চরণ ও উপাসনা।

বক্স অফিসে ৬০০ কোটির ঝড়, রাম চরণ ও সুরিয়ার জাদুতে স্বস্তি

নারীদের প্রজননস্বাস্থ্য নিয়ে বিতর্কিত মন্তব্য
সম্প্রতি অন্ধ্র প্রদেশের অনুষ্ঠানে নারীদের প্রজননস্বাস্থ্য নিয়েও কথা বলেন উপাসনা। তাঁর পরামর্শ, কলেজের পড়াশোনা শেষ করার পর নারীদের নিজেদের প্রজননক্ষমতা সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে ভবিষ্যতে ক্যারিয়ার, বিয়ে ও মাতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতে পারে বলে মনে করেন তিনি।

এর আগে ২০২৫ সালে আইআইটি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে নারীদের ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজিংয়ের পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। সমালোচনার জবাবে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন উপাসনা। তাঁর ভাষ্য, ২৭ বছর বয়সে বিয়ে করেন তিনি। ২৯ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন। পরে ৩৬ বছর বয়সে প্রথম সন্তানের মা হন।

সমাজসেবাতেও সক্রিয়
উপাসনার কাজের আরেকটি বড় ক্ষেত্র সমাজকল্যাণ। অ্যাপোলো ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামীণ ও আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করেছেন তিনি। ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায়ও যুক্ত তাঁর প্রতিষ্ঠান।
বিশেষ করে ‘টোটাল হেলথ’ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। ২০১৯ সালে সমাজসেবায় অবদানের জন্য দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বর্ষসেরা সমাজসেবীর স্বীকৃতি পান। ২০২১ সালে করোনাকালে তাঁর কাজের জন্য জিকিউ ম্যাগাজিনের বিশেষ স্বীকৃতিও পেয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Read full story at source