ফ্লো ফেস্টে অণূভা’স: প্রকৃতির সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন

· Prothom Alo

মুঠোফোনের পর্দায় চোখ রেখেই যেন কাটছে মানুষের দিনের বড় একটা সময়। চার দেয়ালের মধ্যে বন্দী জীবনে বাইরের পৃথিবী, প্রকৃতি আর খোলা আকাশের সঙ্গে দূরত্বও বাড়ছে ক্রমেই। এমন বাস্তবতায় মানুষকে ঘরের বাইরে এনে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ করে দিতে ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘ফ্লো ফেস্ট’।

‘চলুন ঢাকাকে ঘরের বাইরে নিয়ে যাই’ প্রতিপাদ্যে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর তিন দিনব্যাপী এই ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’ অনুষ্ঠিত হবে পূর্বাচলের জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে। উৎসবের আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে এতে অংশ নিচ্ছে নারীদের নান্দনিক পোশাকের ফ্যাশন ব্র্যান্ড ‘অণূভা’স’।

Visit newsbetting.club for more information.

ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিজাইনার অণূভা ইয়াসনার কাছে প্রকৃতি ও পোশাকের সম্পর্ক বেশ গভীর। তাঁর মতে, প্রকৃতির সান্নিধ্য যেমন মনে প্রশান্তি এনে দেয়, তেমনি পছন্দের পোশাকও তৈরি করতে পারে ভালো লাগার অনুভূতি। আর সেই অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে পোশাকের উপাদান ও ব্যক্তির নিজস্ব রুচি।

অণূভা ইয়াসনা বলেন, “প্রকৃতির সংস্পর্শে এলে যেমন মন ভালো হয়ে যায়, তেমনি একটি পছন্দের পোশাকও মনের ভেতর স্নিগ্ধ অনুভূতির সৃষ্টি করতে পারে। এটি ব্যক্তির রুচির পাশাপাশি পোশাকের উপাদানের ওপরও নির্ভর করে। তাই ‘অণূভা’স’-এ আমরা সব সময় প্রাকৃতিক উপাদানে তৈরি পোশাক ও অলংকারকে প্রাধান্য দিই।”
প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্ব এবং নগরজীবনের ব্যস্ততা নিয়েও ভাবেন এই ডিজাইনার। তাঁর ভাষায়, “পোশাক নির্বাচনের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই ভালো লাগাকে। আর এই ভালো লাগা তৈরি হয় প্রকৃতির সঙ্গে সম্পৃক্ততা থেকে। উন্নয়নের নামে আমরা ইটের যে পাথুরে জঞ্জাল তৈরি করছি, তাতে হারিয়ে যাচ্ছে মনের শান্তি। প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকাতেই মূলত পরম আনন্দ। এবারের ‘ফ্লো ফেস্ট’-এ আমাদের ব্র্যান্ডের উপস্থাপনায় এই দর্শনই ফুটিয়ে তোলা হবে।”

প্রাকৃতিক উপাদান থেকে পাওয়া রঙের ব্যবহার ‘অণূভা’স’-এর পোশাকে আলাদা বৈশিষ্ট্য যোগ করেছে। কাপড় নির্বাচনের ক্ষেত্রেও একই দর্শন অনুসরণ করে ব্র্যান্ডটি। পাশাপাশি নকশায় আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে দেশীয় মোটিফের নান্দনিক মেলবন্ধন ঘটানোর চেষ্টা থাকে।

ব্র্যান্ডটির কালেকশনে ব্লাউজের প্রাধান্যও চোখে পড়ার মতো। এর কারণ জানতে চাইলে অণূভা ইয়াসনা বলেন, “ব্লাউজের মতো পোশাক নিয়ে অনেক নারীই বেশ সংবেদনশীল। অন্য অনেক ফ্যাশন ব্র্যান্ড বিভিন্ন ধরনের পোশাক নিয়ে কাজ করলেও ব্লাউজ অনেক সময় উপেক্ষিত থেকে যায়। তাই আমাদের কালেকশনে নান্দনিক ব্লাউজের গুরুত্ব রয়েছে। এ কারণেই নারীরা আমাদের ব্র্যান্ডকে নিজেদের কাছের বলে মনে করেন।”

বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখন চলছে নানা ধরনের নিরীক্ষা। সেই পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ফ্যাশন অঙ্গনেও। একজন ডিজাইনার হিসেবে এই পরিবর্তনকে আশাব্যঞ্জক মনে করেন অণূভা ইয়াসনা।

তিনি আরও বলেন, “ফ্লো ফেস্টে ‘অণূভা’স’ নতুন কালেকশন নিয়ে হাজির হচ্ছে। ইকো ব্র্যান্ড হিসেবে ইতিমধ্যে আমাদের নিজস্ব একটি অনুরাগী গোষ্ঠী তৈরি হয়েছে। উৎসবে তাঁদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার পাশাপাশি নতুন কালেকশন নিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি আমরা।”

প্রকৃতি, স্বস্তি আর নিজস্ব রুচির সমন্বয়ে পোশাকের নকশা—‘অণূভা’স’-এর কাজের মূল ভাবনা এমনই। আর সেই ভাবনাকে নতুনভাবে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে ‘ফ্লো ফেস্ট’।

ছবি: অণূভা’স

Read full story at source