শাড়ির মামলার পর এবার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

· Prothom Alo

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

Visit newsbetting.cv for more information.

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে এ মামলা করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। তিনি বলেন, এর আগে বাদীর পক্ষে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি কোনো উত্তর দেননি। এমনকি ফেসবুক থেকে ছবি সরাননি। ফলে আজ মানহানির মামলা করা হয়েছে।

আইনজীবী শুভ্র সিনহা আরও বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করেন এবং বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে চলমান রয়েছে।

মামলা করার পর আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। এ ছাড়া বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়।

২০২৫ সালের ৭ নভেম্বর তানজিন তিশা তাঁর ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীর মেসেঞ্জারে কল দিয়ে ভাইরাল করার হুমকি দেওয়া হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। আসামি বাদীকে হুমকি দিয়ে বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’

অভিযোগে আরও বলা হয়, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত থাকেন।

আসামি তানজিন তিশা তাঁর ফেসবুকে বাদীর একটি আপত্তিকর ছবি প্রকাশ করেন। এ ছাড়া দুজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এসব বিষয় গত ২৭ অক্টোবর রাত ১১টায় বাদীর নজরে এলে আইনজীবীর মাধ্যমে পরদিন রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। এতে নোটিশপ্রাপ্তির দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হয়। আসামি সেগুলো অপসারণ করেননি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Read full story at source