কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুজনের
· Prothom Alo

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ দুর্ঘটনায় ট্রাকটির চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
Visit bettingx.bond for more information.
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)। ছালেহ আহম্মেদ রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার বাসিন্দা। সোহরাবের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রংপুর থেকে সুতা বোঝাই করে ট্রাকটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকটি পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ট্রাকটিকে ওভারটেক করে সামনে চলে যায়। সামনে গিয়ে এটি আবার হঠাৎ ব্রেক করে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও সহকারী ট্রাকের কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে। পরে লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।