ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা শিকার শিশুটি গুরুতর আহত, পাঠানো হলো ঢাকায়
· Prothom Alo
টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গুরুতর আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার ঢাকায় পাঠানো হয়েছে।
Visit newssport.cv for more information.
এ ঘটনায় বিপ্লব (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরে একটি ভবনে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বিপ্লব। পরে শিশুকে মারধরও করেন। এতে সে গুরুতর আহত হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল রাতে বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান বলেন, ঘটনার পর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিলেন। পুলিশের সোর্স প্রথমে আসামিকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে আটক রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবদুল কদ্দুস বলেন, আজ সকালে ভুক্তভোগী শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শিশুটির নাকে–মুখে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসা প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণচেষ্টার বিষয়ের বিস্তারিত জানা যাবে।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গতকাল শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী শিশুকে দেখতে যান। তিনি শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।