খায়েরুজ্জামান মজুমদার আরও এক বছরের জন্য অর্থসচিব
· Prothom Alo

অর্থসচিব হিসেবে মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। খায়েরুজ্জামান মজুমদার ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থসচিবের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, যোগ দেওয়ার তারিখ থেকে এক বছরের জন্য অবসরোত্তর ছুটি ও অন্যান্য সুবিধা স্থগিত রেখে খায়েরুজ্জামান মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হলো যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছেড়ে দিতে হবে।
Visit sport-tr.bet for more information.
খায়েরুজ্জামান মজুমদারের আগের অর্থসচিব ছিলেন ফাতিমা ইয়াসমিন, যিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়ে চলে যান ২০২৩ সালের আগস্টে। খায়েরুজ্জামান মজুমদার তখন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন। সচিব হওয়ার আগে খায়েরুজ্জামান মজুমদার অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব ছিলেন। ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার—তিন আমলেই অর্থসচিবের দায়িত্ব পালন করা কর্মকর্তা খায়েরুজ্জামান মজুমদার।
খায়েরুজ্জামান মজুমদার যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে এম এ ডিগ্রি সম্পন্ন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রথম স্থান অর্জন করে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরে এমএসএস ডিগ্রিতে তিনি অর্জন করেন প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান।
নিয়মিত চাকরি হিসেবে আজ সোমবার ছিল খায়েরুজ্জামান মজুমদারের শেষ দিন। জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগামীকাল মঙ্গলবার তিনি নতুন করে অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।