অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত
· Prothom Alo

মুক্তির প্রায় দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ের হিসাব ভারতে ১০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে এই অঙ্কে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিক্রির জন্য আটকে রাখা আসনও অন্তর্ভুক্ত। সেসব আসন বাদ দিলে দর্শকদের কেনা টিকিটের মূল্য প্রায় ৮ কোটি রুপি।
বক্স অফিসের হিসাব রাখা ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৪ অক্টোবর ভারতীয় সময় বেলা তিনটা পর্যন্ত ছবিটির অগ্রিম বুকিংয়ের মোট মূল্য ছিল ১০ কোটি ১৫ লাখ রুপি। ব্লক করা আসন বাদ দিলে অঙ্কটি ৭ কোটি ৯৮ লাখ রুপি। ফলে পুরো ১০ কোটি রুপিকে দর্শকদের কেনা টিকিটের আয় বলা যাচ্ছে না।
Visit een-wit.pl for more information.
হিন্দি সংস্করণেই বেশি আগ্রহ
নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। রাজ্যভিত্তিক হিসাবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এরপর দিল্লি ও কর্ণাটক। শহরগুলোর মধ্যে দিল্লি–এনসিআর, মুম্বাই ও বেঙ্গালুরুতে উল্লেখযোগ্য সাড়া মিলছে।
প্রিমিয়াম পর্দায় ছবিটি দেখার খরচও আলোচনায় এসেছে। মুম্বাইয়ের ফিনিক্স প্যালাডিয়ামের পিভিআর আইকনে আইম্যাক্সের প্রিমিয়াম আসনের টিকিটের দাম উঠেছে ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত। তবে শহর, প্রেক্ষাগৃহ, আসন ও প্রদর্শনীর ধরন অনুযায়ী টিকিটের দামে পার্থক্য রয়েছে।
বিদেশেও চলছে অগ্রিম বিক্রি
ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। উত্তর আমেরিকাসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো মিলিয়ে অগ্রিম বিক্রি ১১ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্যাকনিল্ক। তবে এই হিসাব একাধিক দিনের প্রদর্শনী মিলিয়ে; ভারতের প্রথম দিনের বুকিংয়ের সঙ্গে সরাসরি তুলনা করার সুযোগ নেই।
মুক্তির প্রথম দিনের সম্ভাব্য আয় নিয়েও আলোচনা চলছে। তবে অগ্রিম বুকিংয়ের চলতি হিসাব থেকে চূড়ান্ত আয় নিশ্চিত করা যায় না। মুক্তির আগে আরও কত প্রদর্শনীর টিকিট বিক্রির জন্য ছাড়া হয় এবং শেষ কয়েক দিনে বিক্রির গতি কেমন থাকে, তার ওপরও উদ্বোধনী দিনের আয় নির্ভর করবে।
৪ নভেম্বর অর্থের বিনিময়ে আগাম প্রদর্শনী আয়োজনের খবরও এসেছে। তবে স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা তা নিশ্চিত করেননি এবং এসব প্রদর্শনীর বুকিংও তখনো শুরু হয়নি।
রাম রণবীর, রাবণ যশ
‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।
দীপাবলি উপলক্ষে আগামী ৫ নভেম্বর ভারতে ছবিটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ছবিটি দেখানোর পরিকল্পনা রয়েছে। আইম্যাক্সসহ বিভিন্ন প্রিমিয়াম ফরম্যাটেও মুক্তি পাবে ছবিটি।