শিশুদের জন্য বছরব্যাপী পাঠদান কর্মসূচি শুরু করল বন্ধুসভা

· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পশ্চিম কর্ণকাঠি কলোনিতে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বছরব্যাপী চলবে এ কার্যক্রম।

এতে কলোনির সুবিধাবঞ্চিত শিশুরা নিয়মিত পাঠ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে। বন্ধুরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনা। বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাসেবী হিসেবে এই কার্যক্রম পরিচালনা করবেন। তাঁরা শিশুদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নেবেন।

Visit grenadier.co.za for more information.

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ।

কর্ণকাঠি কলোনির এক অভিভাবক বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর ইচ্ছা আছে। কিন্তু সংসারের খরচ চালাতে গিয়েই হিমশিম খেতে হয়। আলাদা করে বই-খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ কিনে দেওয়া এবং প্রাইভেট টিউটর রাখা সম্ভব হয় না। বন্ধুসভার এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়তা। শিশুরা এখানে পড়াশোনার সুযোগ পেলে তাদের ভবিষ্যৎ আরও ভালো হবে বলে আশা করি।’

আরেক অভিভাবক বলেন, ‘আমরা চাই, আমাদের সন্তানেরাও অন্য শিশুদের মতো ভালোভাবে পড়াশোনা করুক। কিন্তু সব সময় তাদের পড়াশোনার দিকে নজর দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। বন্ধুসভার বন্ধুরা যদি নিয়মিত তাদের পড়ান, তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে। এতে আমাদের সন্তানদের পাশাপাশি আমরাও উপকৃত হব।’

কলোনির এক বাসিন্দা বলেন, ‘এখানে অনেক শিশু আছে, যারা পড়াশোনায় আগ্রহী হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে পিছিয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের শিশুদের পাশে দাঁড়িয়েছেন, এটি আনন্দের বিষয়। তাঁরা নিয়মিত পাঠদান করলে শিশুরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। আমরা চাই, এই কার্যক্রম যেন সারা বছর সুন্দরভাবে চলে।’

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা

কর্মসূচিতে অংশ নেওয়া বন্ধু মাহিন ফয়সাল বলেন, ‘শিক্ষা প্রতিটি শিশুর অধিকার। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা শুধু শিক্ষা উপকরণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না; বরং শিশুদের সঙ্গে নিয়মিত সময় কাটিয়ে তাদের পড়াশোনায় সহযোগিতা করতে চাই। বছরব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করাই আমাদের লক্ষ্য।’

উদ্বোধনী পাঠদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি জাহিদ হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল ও আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, প্রচার সম্পাদক ইসনাইন হুসাইন, বন্ধু সাদমুন মিশরী, ইমন দাস, মেহরিন রিশতা প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

Read full story at source