শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে অভিনেত্রী বললেন, ‘আবারও!’
· Prothom Alo

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ওহ মাই গড! আবারও!’
Visit esporist.org for more information.
‘কুচ আনকাহি’ ধারাবাহিকের এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে যাচাই না করা তথ্য ছড়ানোর সমালোচনাও করেছেন।
তাঁর মতে, অনলাইনে ভিউ ও জনপ্রিয়তা বাড়াতে অনেকেই পরিচিত ব্যক্তিদের নিয়ে চটকদার খবর ছড়ান। অথচ আলোচনার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আড়ালে থেকে যায়।
শোয়েব মালিকের চতুর্থ বিয়ে? পাত্রী পাকিস্তানি অভিনেত্রীশোয়েব মালিকের সঙ্গে ভানিজার নাম জড়িয়ে গুঞ্জন ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তাঁর কখনো সরাসরি দেখা হয়নি। তাহলে তাঁদের নিয়ে এমন গুঞ্জন কীভাবে ছড়াল, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।
শুরুতে বিষয়টিকে রসিকতা মনে হলেও পরে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ভানিজা জানান, গুঞ্জনের প্রভাব পড়তে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবনেও। তাঁর বন্ধু ও আত্মীয়স্বজন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে খবরটির সত্যতা জানতে চান।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোরও অনুরোধ করেছেন তিনি। অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভিত্তিহীন খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভানিজা।
শোয়েব মালিককে ঘিরে গুঞ্জন আবারও আলোচনায় এলেও অভিনেত্রীর প্রতিক্রিয়ায় উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতার বিষয়টি। তাঁর বক্তব্য, তারকাদের নিয়ে চটকদার গুঞ্জন ছড়ানোর আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।
ডেইলি পাকিস্তান অবলম্বনে