৯২টি ককটেল ও প্রায় ১২ কেজি গানপাউডার উদ্ধার, নাশকতার পরিকল্পনা নস্যাতের দাবি এসআরবির
· Prothom Alo

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গানপাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সদস্যরা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
Visit somethingsdifferent.biz for more information.
এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮ ০০ গ্রাম গানপাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।
বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এসআরবির চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা এসব ককটেল ও বিস্ফোরক মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে। এসআরবি দুষ্কৃতকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
এসআরবির এই কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সদর থানায় ককটেল ও গানপাউডার জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।