বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশ স্কাউটস কর্মকর্তারা

· Prothom Alo

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট ও কাব কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিদল। গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীদের বর্ণাঢ্য অভ্যর্থনা ও ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়।

Visit extonnews.click for more information.

পরিদর্শন শেষে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোছা. জান্নাতুল ফেরদৌস সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই বিদ্যালয়ের স্কাউট সদস্যদের পরিপূর্ণ পোশাক, শৃঙ্খলা ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীরা যাতে পিএস ও শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।’

রাজশাহীর গোদাগাড়ীতে বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট কার্যক্রম পরিদর্শন শেষে সমবেত ছবি।

দিনব্যাপী এ আয়োজনে প্যাক ও ট্রুপ মিটিংয়ে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার হেলাল উদ্দিন শেখ নাসিম, উপজেলা স্কাউট সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইশ মুর্মুসহ অন্যান্য শিক্ষক ও স্কাউট নেতারা।

বক্তারা বলেন, স্বল্প সময়ে বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ উপজেলা ও জেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। আসন্ন ৩০ অক্টোবর নাটোরে সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণের খবরে আনন্দ প্রকাশ করে অতিথিরা বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ফটোসেশনের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকে।

Read full story at source