১৩ মাসের কুকুরছানা ‘ন্যাশনাল গার্ড’ সদস্য

· Prothom Alo

মাত্র ৭ পাউন্ড ওজনের একটি চিহুয়াহুয়া জাতের কুকুরছানা। আকারে হয়তো অত্যন্ত ছোট; কিন্তু মেক্সিকোর জাতীয় নিরাপত্তা বাহিনী ‘ন্যাশনাল গার্ড’ এটিকেই দিয়েছে বিরাট ও গুরুত্বপূর্ণ এক দায়িত্ব।

Visit palladian.co.za for more information.

কুকুরছানাটির চোখে ছোট চশমা (গগলস), গায়ে মাপমতো লাগানো সামরিক ট্যাকটিক্যাল ভেস্ট, মাথায় হেলমেট ও হেলমেটের ওপর বসানো ক্ষুদ্র ক্যামেরা। এ কুকুরছানাই এখন মেক্সিকোর সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এবং আকারে সবচেয়ে ছোট চতুষ্পদ সদস্য।

বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ মাস বয়সী কুকুরছানাটির নাম রাখা হয়েছে ‘কমান্ডো’। শুধু জনসমক্ষে প্রদর্শনীর জন্য বা দলের ‘ম্যাসকট’ হিসেবে নয়, বরং নিখোঁজ মানুষদের খুঁজে বের করা এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য এটিকে রীতিমতো পেশাদার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সাধারণত সামরিক বাহিনীতে শক্তিশালী ও হিংস্র কুকুর রাখা হয়। তবে মাত্র ২১ সেন্টিমিটার (৮ ইঞ্চি) উচ্চতার এ খুদে কমান্ডো একেবারেই ওগুলোর মতো নয়।

গত সপ্তাহে মেক্সিকো সিটিতে ন্যাশনাল গার্ডের একটি বিশেষ প্রশিক্ষণে দেখা যায়, ‘রোকো’ নামের সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশাল আকৃতির কুকুরের সামনেই এ ছোট কুকুরছানা অনায়াসে সিঁড়ি বেয়ে ও বিভিন্ন বাধা পেরিয়ে চমৎকারভাবে কসরত দেখাচ্ছে।

ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট ডেবোরা হার্নান্দেজ বলেন, ‘কমান্ডো’ মূলত দুটি প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে। প্রথমত, মানুষের ধারণা, শুধু বড় ও শক্তিশালী কুকুরই সামরিক বাহিনীতে কাজ করতে পারে। দ্বিতীয়ত, একটি সামরিক বাহিনী সাধারণ জনগণের সঙ্গে কখনো উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারে না। তিনি বলেন, ‘কমান্ডোর উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় যে ‘সামরিক পোশাকের নিচে আমরাও প্রকৃতপক্ষে দিন শেষে আবেগপ্রবণ মানুষ।’

বর্তমানে কমান্ডো মেক্সিকোর বিভিন্ন রাষ্ট্রীয় বেসামরিক অনুষ্ঠান, স্কুল কর্মসূচি ও সামাজিক সচেতনতামূলক প্রচারে নিয়মিত অংশ নিচ্ছে।

মেক্সিকোর ন্যাশনাল গার্ডের প্রায় ৩৫০টি কুকুরের বহরে কমান্ডো সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ, এ বাহিনীর বাকি প্রায় সব সদস্যই চিরাচরিত কর্মঠ জাতের, যেমন জার্মান শেফার্ড বা ল্যাব্রাডর রিট্রিভার। সাধারণত বড় খাড়া কান, চঞ্চল চোখ ও তেজি স্বভাবের জন্য চিহুয়াহুয়া কুকুর পরিচিত হলেও সামরিক বা বড় কোনো অভিযানের জন্য এদের কখনোই উপযুক্ত ভাবা হয় না। তবে কমান্ডো ইতিমধ্যে মেক্সিকোর স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে অংশ নিয়ে সবার নজর কেড়েছে।

Read full story at source