লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
· Prothom Alo

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার প্রায় চার ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে আনা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
Visit mchezo.life for more information.
এর আগে বেলা দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটি রেললাইনে আটকা পড়লে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছিল। বিকল্প ইঞ্জিন দিয়ে পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা বেশি বিপাকে পড়েন। পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী মো. সাব্বির বলেন, চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। কাছাকাছি কোনো জায়গায় হলে অন্য গাড়িতে চলে যেতে পারতেন। কিন্তু লাউয়াছড়ার ভেতরে আটকা পড়ায় সেটিও সম্ভব হয়নি।