বিয়ের সাজের অনুপ্রেরণা হতে পারে নুসরাতের এই লেহেঙ্গা লুক
· Prothom Alo

সামনেই বিয়ের মৌসুম। কনের সাজ কেমন হবে, লেহেঙ্গার রং কী, গয়নায় থাকবে কী ধরনের ডিজাইন —এসব নিয়ে এখন থেকেই শুরু হয়ে যায় ভাবনা। এমন সময়ে নুসরাত ফারিয়ার এই সাজটি হতে পারে বিয়ের লুকের জন্য দারুণ এক অনুপ্রেরণা।
Visit saltysenoritaaz.org for more information.
ফারিয়ার এই লুকে যেন পুরোনো দিনের রাজকীয়তার সঙ্গে মিশেছে আধুনিক সৌন্দর্য। ‘সিগনেচার লুক বাই সামিয়া’র সাজে নুসরাত পরেছেন ‘প্রেমস কালেকশন’-এর ভারী কাজের লেহেঙ্গা।
লেহেঙ্গার ক্রিমসন লাল জমিনজুড়ে সোনালি সুতো ও জরির সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা আর ছোট ছোট অলংকরণে ফুটে উঠেছে জমকালো আবহ। ব্লাউজেও রয়েছে একই ধরনের কারুকাজ, সঙ্গে ডিপ ভি-নেক ও লম্বা হাতা।
তবে এই সাজের সবচেয়ে নজরকাড়া দিক নিঃসন্দেহে গয়না। ‘মুলতানি জুয়েলারি বাই মমতাজ’-এর সোনালি গয়নায় নকশার সঙ্গে মিশেছে সবুজ পাথরের কাজ।
গলায় চোকার হার, সঙ্গে বড় ঝুমকা ও কপালে টিকলি—সব মিলিয়ে লুকটি পেয়েছে কনের লুকের আমেজ । হাতে চুড়ি ও আংটিও মানিয়েছে পুরো সাজের সঙ্গে।
নুসরাতের চুলের সাজও আলাদাভাবে নজর কেড়েছে। কনের সাজে চুলের স্টাইলও গুরুত্বপূর্ণ একটি অংশ।
অভিনেত্রী এই লুকে হাফ আপডু করে তাতে লাল ফুল ও হেয়ার জুয়েলারি যোগ করেছেন। মেকআপে চোখকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
টানা আইলাইনার-কাজল, শিমারি গোল্ডেন আইশ্যাডো ও ঘন পাপড়িতে চোখ দুটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। গালে পিংক ব্লাশ, আর ঠোঁট সাজানো হয়েছে গ্লসি ন্যুড পিংক লিপ কালারে।
‘সিগনেচার লুক বাই সামিয়া’ এই সাজের ছবি শেয়ার করে লিখেছে, কিছু ব্রাইডাল লুক শুধু ঐতিহ্য অনুসরণ করে তৈরি হয়, আবার কিছু সাজ নিজেরাই হয়ে ওঠে একটি স্মৃতি। নুসরাতের এই লুকটিও যেন তেমন—লাল, সোনালি আর পান্না-সবুজের মেলবন্ধনে উৎসব, ঐতিহ্য ও আভিজাত্যকে একসঙ্গে ধারণ করেছে।
সব মিলিয়ে নুসরাতের এই লুক হয়ে উঠেছে বিয়ের মৌসুমের জন্য নজরকাড়া এক ব্রাইডাল অনুপ্রেরণা।
ছবি: ইন্সটাগ্রাম