জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৪)। প্রবাসীদের পাঠানো অর্থই ‘রেমিট্যান্স’
· Prothom Alo

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন
অধ্যায়–৪
Visit extonnews.click for more information.
প্রশ্ন: ‘জাতীয় আয়’ ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: কোনো একটি নির্দিষ্ট সময়ের একটি দেশের উৎপাদিত দ্রব্য ও সেবাগুলোর মোট মূল্যমানকে ওই দেশের জাতীয় আয় বলে। উৎপাদিত দ্রব্য ও সেবাগুলো বিভিন্ন খাতে ভাগ করে হিসাব করা হয়। অর্থনীতির দৃষ্টিতে জাতীয় আয়ের উল্লেখযোগ্য খাতগুলো হলো কৃষি ও বনজ, মৎস্য, শিল্প, খনিজ, গ্যাস, বিদ্যুৎ ও পানি, নির্মাণশিল্প, পাইকারি ও খুচরা বিপণন, হোটেল রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক-বিমা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। এসব খাতে এক বছরের উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিই হলো ‘জাতীয় আয়’।
প্রশ্ন: গত সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো।
উত্তর: ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি দেশের প্রতিটি পরিবারকে মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্যক্রমের একক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। দারিদ্র্য বিমোচনের জন্য দেশব্যাপী ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প গড়ে তোলা হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রকল্পাধীন সব গ্রামের প্রতিটি পরিবারকে কৃষি, মৎস্য চাষ, পশুপালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর খামার বাড়ি হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন: মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: অর্থনীতিতে মাথাপিছু আয়ের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট এলাকার বা কোনো দেশের মোট উৎপাদিত দ্রব্য ও সেবাকর্ম সৃষ্টির আর্থিক মূল্যকে সেই দেশের মোট জনসংখ্যার মধ্যে বণ্টন করলে প্রতিজন যে আয়ের মালিক হয়, তাকে মাথাপিছু আয় বলে।
প্রশ্ন: মানবসম্পদ বলতে কী বোঝায়?
উত্তর: যারা শ্রম বা মেধা দিয়ে দেশের কৃষি, শিল্প ও সেবাসহ যেকোনো খাতে অবদান রাখে, তাদের দেশের মানবসম্পদ বলা হয়। অদক্ষ মানুষকে শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদির সাহায্যে দক্ষ মানুষ তথা মানবসম্পদে রূপান্তরিত করা যায়। একটি দেশের জনসংখ্যাকে এভাবে মানবসম্পদে রূপান্তরিত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
প্রশ্ন: কোনো দেশের উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য বর্ণনা করো।
উত্তর: দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি। দেশে উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার ওপর তার প্রভাব পড়বে। দরিদ্রতা হ্রাস পাবে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে।
প্রশ্ন: প্রবাসী আয় বা রেমিট্যান্স বলতে কী বোঝায়?
উত্তর: প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে প্রবাসী আয় বা রেমিট্যান্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাঁদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠান। প্রবাসীদের প্রেরিত এ অর্থই প্রবাসী আয় বা রেমিট্যান্স।
প্রশ্ন: রেমিট্যান্স বলতে কী বোঝায়?
উত্তর: প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিট্যান্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাঁদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠান। প্রবাসীদের প্রেরিত এ অর্থই রেমিট্যান্স।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা